যুক্তরাজ্যের মিল্টন কিনসে নববর্ষ উদ্যাপন
যুক্তরাজ্যের মিলটন কিনসে বসবাসরত বাংলাদেশিরা ‘আনন্দ উৎসব’-এর মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদ্যাপন করেছে। এ উপলক্ষে শহরের উলভারটন টাউন হলে ১৪ এপ্রিল বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মিলটন কিনসে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘বন্ধন’-এর উদ্যোগে ‘বৈশাখী বন্ধন আনন্দ উৎসব ১৪১৯’ শীর্ষক ওই অনুষ্ঠানে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার, পোশাক, গয়না, প্রসাধনী ইত্যাদি প্রদর্শিত হয়। ছিল বাংলা গান, নাচ, আবৃত্তি ও বাংলাদেশি পোশাকে ফ্যাশন শো। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল ‘বাংলার রূপ’ শীর্ষক পরিবেশনা। এতে কৃষক, মাঝি, সাপুড়েসহ বিভিন্ন সাজে অভিনেতারা বাংলার ঐতিহ্যবাহী পেশাগুলো ফুটিয়ে তোলেন।অনুষ্ঠানে মিলটন কিনস এবং এর আশপাশে বসবাসরত বাংলাদেশিরা ছাড়াও শহরের ডেপুটি মেয়র ক্যাটরিনা মরিস এবং বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার ফয়সাল আহমেদ যোগ দেন। বন্ধনের সভাপতি এস এ এম হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।