যুক্তরাজ্যের সঙ্গে আবার আলোচনা করতে হতে পারে: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার কারণে যুক্তরাজ্যের সঙ্গে নতুন করে আবার আলোচনা করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তবে যে সুবিধা বর্তমানে পাওয়া যায়, তা অব্যাহত থাকবে বলেই তিনি আশা করেন।

আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সাতটি সংস্থার সঙ্গে ২০১৬-১৭ অর্থবছরের কর্মপরিকল্পনা চুক্তি বাস্তবায়ন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার কারণে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আমাদের অনেক করণীয় আছে। বাংলাদেশ যে পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে, তার মধ্যে ৫৪ শতাংশ ইইউতে যায়। যুক্তরাজ্য একক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের তৃতীয় গন্তব্যস্থল।’

যুক্তরাজ্য ইইউ থেকে বের হয়ে যাওয়ায় বাংলাদেশের করণীয় নির্ধারণে ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান মন্ত্রী।

ইইউ থেকে যুক্তরাজ্য বের হয়ে যাওয়ার কারণে ইউরো ও পাউন্ডের দরপতন হয়েছে। ব্যবসায়ীরা তিন ট্রিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাউন্ডের দর ১১৮ থেকে ১০৩-এ নেমে গেছে। এ অবস্থায় তৈরি পোশাক খাতকে সহায়তা করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এই খাতকে সহায়তা করতে হবে, যাতে এটি থমকে না দাঁড়ায়।

সম্প্রতি ভারত তাদের তৈরি পোশাক খাতকে সহায়তা দিতে ছয় হাজার কোটি টাকা নগদ সহায়তা দেওয়ার প্যাকেজ ঘোষণা করেছে। এর প্রভাবও দেশে পড়তে পারে। আর সে কারণে বিদেশে তৈরি পোশাক খাতকে সহায়তা করার পক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে জানান মন্ত্রী।