জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুক্তরাজ্যের গণতন্ত্রের ইতিহাস প্রায় সাড়ে চার শ বছরের পুরোনো। সেই তুলনায় বাংলাদেশে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে মাত্র কয়েক বছর আগে। কাজেই যুক্তরাজ্যের গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রের তুলনা চলে না।
গত সোমবার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সৈয়দ আশরাফের সম্মানে এক সভার আয়োজন করে। কাউন্সিল ভবন মালব্যারি প্লেসের মেয়র পার্লারে অনুষ্ঠিত ওই সভায় জনপ্রশাসনমন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, ‘অনেক ত্যাগ আর উত্থান-পতনের মধ্য দিয়ে যুক্তরাজ্য আজকের অবস্থানে এসেছে। বহু দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো। আমরা বিশ্বাস করি গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নেই। গণতন্ত্রের যে চূড়ান্ত লক্ষ্য, সেখানে আমাদের পৌঁছাতে হবে।’
দেশটিতে দীর্ঘদিন বসবাসের অভিজ্ঞতা বর্ণনা করে সৈয়দ আশরাফ বলেন, তিনি যুক্তরাজ্যের মূলধারার রাজনীতির পাশাপাশি যুব সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। ১৯৭০-এর দশকে তাঁরা বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রজন্মকে চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শ দিতেন। যার ফল হচ্ছে যুক্তরাজ্যে আজকে বাঙালি মেয়র, স্পিকার, তিনজন এমপি কিংবা শতাধিক কাউন্সিলর।
সৈয়দ আশরাফ বলেন, ‘যেখানেই যান না কেন রাজনীতির কোনো বিকল্প নেই। সমাজে পরিবর্তন আসে সুস্থ রাজনীতির মাধ্যমে।’ যুক্তরাজ্যে বাঙালি বংশোদ্ভূত মন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা থেকে নয়াদিল্লিতে ব্রিটিশ ভিসা অফিস স্থানান্তরের¯ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো করণীয় নেই উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, এটি ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত। তবু বিষয়টি ব্রিটিশ সরকারকে ইতিমধ্যে বলা হয়েছে। কয়েক লাখ বাংলাদেশি যুক্তরাজ্যে বসবাস করেন। তাঁদের আত্মীয়স্বজন মাঝেমধ্যে বেড়াতে আসেন।
সৈয়দ আশরাফকে ব্যক্তিগত বন্ধু উল্লেখ করে কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস বলেন, ‘তিনি আমার প্রথম নির্বাচনের এজেন্ট ছিলেন। এ ছাড়া তাঁর স্ত্রী আমার কন্যার শিক্ষিকা।’
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকিত বলেন, সৈয়দ আশরাফ দীর্ঘদিন টাওয়ার হ্যামলেটসে ছিলেন। এখানে তিনি বিভিন্ন সমাজকর্ম করেছেন। যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির উন্নয়নে তাঁর অবদান আছে।
কাউন্সিলর খালিস উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পপলার অ্যান্ড লাইম হাউসের এমপি জিম ফিতপেট্রিক, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, কাউন্সিলর আয়াস মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান প্রমুখ।