যুক্তরাজ্যের সতর্ক বার্তায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ
পশ্চিমা দেশের নাগরিকদের ওপর আরও হামলা হতে পারে বলে যুক্তরাজ্য তার দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক বার্তা দেওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
গতকাল শনিবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
ওয়ার্কার্স পার্টির মতে, বাংলাদেশ সরকার কর্তৃক যথেষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার পরও যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনা জারি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক মহলের বিরূপ ও নেতিবাচক মনোভাব সৃষ্টির জন্যই অত্যন্ত কৌশলে এই ভ্রমণ সতর্কতার নামে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ওয়ার্কার্স পার্টির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স দেখাচ্ছে। আন্তর্জাতিক মহলের উচিত বাংলাদেশের এই উদ্যোগকে সার্বিকভাবে সহায়তা করা। ভ্রমণ সতর্কতার নামে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন পশ্চিমা রাষ্ট্রের বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির নতুন এই হীন প্রয়াস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিজ্ঞপ্তি।