যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ ও চলাফেরায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। গত শুক্রবার রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে গ্রেনেড বিস্ফোরণে হতাহতের পর শনিবার দেশ দুটি এ সতর্কতা জারি করে।
গ্রেনেড বিস্ফোরণের ওই ঘটনার তীব্র নিন্দা ও হতাহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শনিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ হালনাগাদ সতর্কবাতায় বলা হয়, ‘সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকি আছে। পশ্চিমাদের লক্ষ্য করে আবার হামলা হতে পারে।’
একই দিনে অস্ট্রেলিয়া সরকার সতর্কবার্তায় তাদের কর্মীদের ঢাকার মধ্যে গাড়ি ছাড়া চলাচল না করার পরামর্শ দেয়। এতে বলা হয়, কর্মীদের জনসমাগমস্থল বিশেষ করে যেসব জায়গায় বিদেশিরা প্রায়ই জড়ো হয় সেসব জায়গা যথাসম্ভব এড়িয়ে চলার যে নির্দেশনা আগে থেকে আছে তা কার্যকর থাকবে। এ ছাড়া অস্ট্রেলীয় সাধারণ নাগরিকদের বাংলাদেশে সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেওয়া হয়।
ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু গতকাল রোববার এক বিবৃতিতে হোসেনি দালান এলাকায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে এ ঘটনায় যথাযথ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘পুরান ঢাকায় শিয়াদের অনুষ্ঠানে হামলার ঘটনায় আমি শোকাহত এবং ওই ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশে ধর্মীয় সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই দুঃসময়ে আমরা বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে আছি।’
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন শনিবার এক টুইটার বার্তায় বলেন, ‘এ ধরনের সহিংসতা ও অসহিষ্ণুতা মেনে নেওয়া যায় না। হতাহতদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।’