যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে জিএসপি বাতিল করেছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশে পোশাকশ্রমিকদের কর্মসংস্থান সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। পরে সন্ধ্যায় হোটেল গ্র্যান্ড হায়াতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বাংলা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর হোটেলকক্ষে এই বৈঠকে অংশ নেয় যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স এবং ইউএস বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপের একটি প্রতিনিধি দল।
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা জিএসপি সুবিধা পুনর্বহালের জন্য তাঁদের অবস্থান থেকে প্রচেষ্টা চালাবেন বলে প্রতিনিধিদলের পক্ষ থেকে বৈঠকে বলা হয়। ব্যবসায়ীরা মনে করেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে। বর্ধিষ্ণু অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশে আগামী দিনগুলোতে পশ্চিমা বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি করতে হবে।

যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্সের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে বিদ্যুত্, জ্বালানি ও নদী খনন খাতে তাদের বিনিয়োগের আগ্রহ রয়েছে। বাংলাদেশে খনিজ সম্পদ নিয়ে ভূতাত্ত্বিক জরিপের কাজ চলছে। এ জরিপের মাধ্যমেই বাংলাদেশে মজুদ প্রাকৃতিক সম্পদের সঠিক অবস্থা জানা যাবে।

বৈঠকে প্রতিনিধিদলে ছিলেন ইউএস চেম্বার অব কমার্সের এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট টামি ওভারবি, পরিচালক এসপারানজা জেলালিয়ান, বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপের ভাইস প্রেসিডেন্ট রাকেশ চিতকারা, বিল ইকর্ড, বোয়িং কোম্পানির পরিচালক ব্রায়ান এম লপ, ম্যাট লাইফের মার্ক প্যারিক, শেভরনের পুনিত ভার্মা। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত একরামুল কাদের, এফবিসিসিআইয়ের সভাপতি আকরাম উদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গতকাল ছিল হালকা কর্মসূচির দিন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর হোটেলকক্ষেই ছিলেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা দফায় দফায় তাঁর সঙ্গে সাক্ষাত্ করেছেন।

জানা গেছে, নিউইয়র্ক সময় আজ শুক্রবার বেলা তিনটা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত পৌনে দুইটা) জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় ব্যাপক বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি।

বিএনপির নেতা আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান ও গিয়াস আহমেদ জানিয়েছেন, জাতিসংঘ সদর দপ্তর-সংলগ্ন এলাকায় সকাল থেকেই তাঁদের লোকজন সমবেত হবেন। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিএনপি ও সমমনা লোকজন ছুটে এসেছেন নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য। জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, জ্যামাইকা এবং ব্রুকলিন এলাকায় গতকাল রাত থেকেই অবস্থান করছেন বিক্ষোভকারীরা।

যুক্তরাষ্ট্র বিএনপি জানিয়েছে, আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার যখন বক্তব্য রাখবেন, তখনও তাঁরা বিক্ষোভ সমাবেশ করবেন।

এদিকে পাল্টা শান্তি সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতা সাজ্জাদ হোসেন, মহীউদ্দিন আহমেদ, কাজী কয়েস জানিয়েছেন, আশপাশের অঙ্গরাজ্য থেকে আওয়ামী লীগের লোকজনও আজ (শুক্রবার) সকালে জাতিসংঘ সদর দপ্তর এলাকায় পৌঁছে অবস্থান গ্রহণ করবেন। দেশ থেকে প্রধানমন্ত্রীর বহরে আসা ১৪০ জনের মধ্যে মাত্র আটজন জাতিসংঘের সম্মেলন কক্ষে ঢুকতে পারবেন। অন্যরা সড়কপথে দাঁড়িয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশকে সফল করার সুযোগ গ্রহণ করবেন।

এদিকে নিউইয়র্কে বাংলাদেশ প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিক সাগর-রুনি হত্যা রহস্য উদঘাটন না হওয়া রাষ্ট্রের বড় ব্যর্থতা। এ ব্যর্থতার দায় সাংবাদিকদেরও আছে। সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার না করলে বর্তমান সরকারকে এর কলঙ্ক বহন করতে হবে।

জামায়াত-শিবিরের বিক্ষোভ: কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে জামায়াত-শিবিরের লোকজন বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভ সমাবেশ থেকে জামায়াতের নেতাদের মুক্তি দাবি করা হয়। যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন করা হচ্ছে বলে বিক্ষোভ সমাবেশ থেকে স্লোগান দেওয়া হয়।