যুক্তরাষ্ট্র আ.লীগের সহসভাপতি নাজমুল খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সহসভাপতি নাজমুল ইসলামকে (৫৫) হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সময় গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের ওজনপার্ক এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে ওজনপার্কের আটলান্টিক একিলু এলাকায় বসবাস করছিলেন। পথচারীরা তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুরো এলাকা ঘিরে পুলিশ রাতভর তল্লাশি চালায়। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নাজমুলের নাকে-মুখে জখমের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তাঁকে কিছু দিয়ে জোরে আঘাত করা হয়েছে।
এদিকে নিউইয়র্কে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন থেকে জড়িত নাজমুল ইসলামকে হত্যার খবরে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা নাজমুল ইসলামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার থানায়।