যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতিকে হত্যা
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল ইসলামকে (৫৫) হত্যা করা হয়েছে। নিউইয়র্ক সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের ওজনপার্ক এলাকায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
ওজনপার্কের আটলান্টিক একিলু এলাকায় নাজমুল ইসলাম দীর্ঘদিন থেকে বসবাস করছিলেন। পথচারীরা তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুরো এলাকা ঘিরে পুলিশ রাতভর তল্লাশি চালায়। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নাজমুলের নাকে-মুখে জখমের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তাঁকে কিছু দিয়ে জোরে আঘাত করা হয়েছে।
এদিকে নিউইয়র্কে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন থেকে জড়িত নাজমুল ইসলামের অপমৃত্যুর সংবাদে নিউইয়র্কে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রাক্তন ছাত্রলীগ ও যুবলীগ নেতা নাজমুল ইসলামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার থানায়। তাঁর নামাজে জানাজা কখন হবে এবং মরদেহ দেশে পাঠানো হবে কি না, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।