যুক্তরাষ্ট্র আর পূর্ণাঙ্গ গণতান্ত্রিক দেশ নয়। তাদের গণতন্ত্র এখন ত্রুটিপূর্ণ। এ পর্যবেক্ষণ যুক্তরাজ্যের ইকোনমিস্ট গ্রুপের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ)। তাদের বৈশ্বিক গণতন্ত্র সূচক-২০১৬ গত বুধবার প্রকাশিত হয়েছে।
সূচকে বাংলাদেশ আছে আগের মতো ‘হাইব্রিড’ গণতান্ত্রিক দেশের কাতারে। সার্বিক স্কোরও আগের বছরের মতো একই আছে, ৫ দশমিক ৭৩। তবে ক্রমিক নম্বরে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগে ছিল ৮৬ নম্বরে, এবার ৮৪।
প্রতিবছর এ সূচক প্রকাশের মাধ্যমে একনজরে বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক ব্যবস্থার চিত্র তুলে ধরে ইআইইউ। গত বছরের
গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে তৈরি সর্বশেষ প্রতিবেদনটিতে ১৬৫টি সার্বভৌম দেশ ও দুটি অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঁচটি বিষয়কে বিবেচনায় আলাদা স্কোরিংয়ের মাধ্যমে তৈরি হয় সার্বিক স্কোর ও সূচক। সেগুলো হলো নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি, নাগরিক স্বাধীনতা, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ এবং রাজনৈতিক সংস্কৃতি।
বিভিন্ন মানদণ্ডে প্রাপ্ত স্কোর নিয়ে দেশগুলোকে বিন্যস্ত করা হয়েছে চার শ্রেণির দেশে। এগুলো হলো পূর্ণাঙ্গ গণতান্ত্রিক দেশ, ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশ, হাইব্রিড তথা সংকর ধারার গণতান্ত্রিক দেশ ও স্বৈরতান্ত্রিক দেশ। গণতন্ত্রের সূচক নিয়ে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এটা নবম প্রতিবেদন।
যুক্তরাষ্ট্রের স্কোর ২০১৫ সালে ৮ দশমিক ০৫ থেকে কমে গত বছর ৭ দশমিক ৯৮-এ দাঁড়িয়েছে। ৮ বা এর ওপরের স্কোর পাওয়া দেশগুলোকে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক দেশ হিসেবে বিবেচনা করা হয়েছে। ৮-এর নিচে স্কোর নেমে যাওয়ায় প্রথমবারের মতো ত্রুটিপূর্ণ দেশের কাতারে নেমে এল যুক্তরাষ্ট্র।
ত্রুটিপূর্ণ গণতন্ত্রের দেশ বলা হচ্ছে ওই সব দেশকে, যেখানে অবাধ নির্বাচনব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে দুর্বল শাসনব্যবস্থা, অনুন্নত রাজনৈতিক সংস্কৃতি, কম রাজনৈতিক অংশগ্রহণ। গত বছর এই শ্রেণির গণতান্ত্রিক ব্যবস্থার স্বীকৃতি পাওয়া অন্যান্য দেশের কয়েকটি জাপান, ফ্রান্স, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভারত।
যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার মর্যাদাহানি হওয়ার পেছনে অবশ্য দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙুল নির্দেশ করা হয়নি এ প্রতিবেদনে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র গত কয়েক বছর ধরেই ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশের কাতারে যাওয়ার ক্ষেত্রে খাদের কিনারে টলায়মান অবস্থায় ছিল। গত বছর দেশটিতে যদি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত না-ও হতো, তবু তার স্কোর ৮-এর নিচে নামত। সরকার, নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর ওপর জনগণের আস্থা কমে যাওয়া এর জন্য দায়ী।
প্রতিবেদনে আরও বলা হয়, সুষ্ঠুভাবে কাজ করা গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য উপাদান রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা। পিউ, গ্যালাপ ও অন্য জরিপ প্রতিষ্ঠানগুলোও নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রে সরকারের ওপর থেকে মানুষের আস্থা ঐতিহাসিক পর্যায়ে নেমে গেছে। গণতন্ত্রের মানের ক্ষেত্রে এটা ক্ষয়িষ্ণু প্রভাব ফেলেছে।
ইআইইউ বলেছে, বিশ্বের অন্য উন্নত দেশও জনগণের আস্থা নিয়ে একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। যাতে বোঝা যাচ্ছে, সমসাময়িক কালে গণতন্ত্র এক সংকটের মধ্যে যাচ্ছে।
তালিকায় পূর্ণ গণতান্ত্রিক দেশের শীর্ষে রয়েছে নরওয়ে। এরপরের অবস্থান আইসল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড ও ডেনমার্কের। যৌথভাবে ষষ্ঠ স্থানে আছে কানাডা ও আয়ারল্যান্ড। যুক্তরাজ্যের অবস্থান ১৬তম। ইতিমধ্যে স্বৈরতান্ত্রিক দেশের মর্যাদা পেয়েছে উত্তর কোরিয়া, সিরিয়া, চাদ, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রসহ কয়েকটি দেশ।
বাংলাদেশ পরিস্থিতি
ইআইইউ বলেছে, ১৬৭টি দেশের মধ্যে অর্ধেকসংখ্যক দেশেই ২০০৬ থেকে ২০১৬ সালের মধ্যে সার্বিক স্কোর কমে গেছে। স্কোর ৪ থেকে ৫ দশমিক ৯-এর মধ্যে পাওয়া দেশগুলোকে তালিকায় হাইব্রিড গণতান্ত্রিক ব্যবস্থার দেশ হিসেবে উল্লেখ করা হয়। দেশগুলোর নির্বাচনব্যবস্থা বেশ কিছু অনিয়ম ও ত্রুটিতে ভরা। হাইব্রিড দেশের তালিকায় বাংলাদেশের সঙ্গে আছে থাইল্যান্ড, মিয়ানমার, তুরস্ক ও মরক্কোর মতো কিছু দেশ।
তালিকায় এবার বাংলাদেশের অবস্থান ৮৪তম। এর আগের বছর এ অবস্থান ছিল ৮৬তম। কিন্তু সার্বিক স্কোর আগের মতো-৫ দশমিক ৭৩। এ হিসাবে তালিকায় অবস্থান এবার দুই ধাপ এগোলেও গণতান্ত্রিক ব্যবস্থার মান রয়েছে একই রকম।
নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক দলের অংশগ্রহণ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা শ্রেণিতে বাংলাদেশের স্কোর গত বছর ছিল এর আগের বছরের মতোই। এই স্কোর যথাক্রমে ৭ দশমিক ৪২, ৫ দশমিক ০৭, ৫ দশমিক ০০, ৪ দশমিক ৩৮ ও ৬ দশমিক ৭৬।