যুক্তরাষ্ট্র ও এশিয়ার পুঁজিবাজারে বড় দরপতন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোর কর্মকাণ্ডের ওপর বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র ও এশিয়ার পুঁজিবাজারগুলোতে বড় ধরনের দরপতন হয়েছে। বিশ্লেষকেরা বলেছেন, ওবামার ঘোষণার পরপরই নিউইয়র্ক থেকে টোকিও পর্যন্ত বিশ্বের বড় বড় পুঁজিবাজারগুলোতে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা দেখা দেওয়ায় এ দরপতন ঘটে। খবর বিবিসি ও এএফপির।প্রেসিডেন্ট ওবামা বৃহস্পতিবার বলেন, ‘বড় ব্যাংকগুলোর হাতে মার্কিন করদাতাদের আর জিম্মি হতে দেওয়া হবে না। এক বছর আগের চেয়ে মার্কিন আর্থিক ব্যবস্থা এখন অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছে। কিন্তু এখনো সেটি আগের নীতিমালা অনুযায়ীই পরিচালিত হচ্ছে। যে নীতিমালা আর্থিক ব্যবস্থাকে ধ্বংসের কাছাকাছি নিয়ে গিয়েছিল।’ তিনি বেশি ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ বা ওই ধরনের বিনিয়োগে সহায়তা করার ব্যাপারে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর ওপর কড়াকড়ি আরোপের ঘোষণা দেন। ওবামার পরিকল্পনা অনুযায়ী বড় ব্যাংকগুলোকে ভেঙে আলাদা করা হতে পারে। ওবামার এ বক্তব্যের পরপরই ওয়াল স্ট্রিটে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। ডাও জোনস সূচক সহসাই দুই শতাংশ নেমে যায়। এ দরপতন গত অক্টোবরের পর সর্বোচ্চ। গোল্ডম্যান স্যাচস, জেপি মরগ্যান ও ব্যাংক অব আমেরিকার মতো বড় মার্কিন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম দ্রুত হ্রাস পায়।এশিয়ার পুঁজিবাজারগুলোর মধ্যে টোকিওর নিক্কি সূচক গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়। সিডনির পুঁজিবাজারের মূল সূচক ১ দশমিক ৫৯ শতাংশ নেমে যায়, যা গত ২৭ নভেম্বরের পর সর্বোচ্চ দৈনিক দরপতন। তাইপে, সিউল, সিঙ্গাপুর, হংকং, ব্যাংকক ও মুম্বাইয়ের পুঁজিবাজারেও বড় দরপতন ঘটেছে।গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান সেলেন্টের বিশ্লেষক ডেভিড ইস্টহোপ বলেন, প্রেসিডেন্ট ওবামার এ উদ্যোগ লাভজনক ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে।