বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। খবর ইউএনবির।
শিবগঞ্জের চককানু গ্রামের শিয়া মসজিদে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ত্রধারীদের হামলায় মসজিদের মুয়াজ্জিন নিহত এবং ইমামসহ তিনজন আহত হন। হামলার নিন্দা জানিয়ে গতকাল শুক্রবার একটি বিবৃতি দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। তিনি বলেন, ‘বগুড়ার মসজিদে নামাজের সময় মুসল্লিদের ওপর বর্বর হামলার ঘটনায় আমি হতভম্ব।’
হতাহত ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে গিবসন বলেন, এই হামলা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পরিচালিত সহিংস ঘটনাগুলোর সর্বশেষ উদাহরণ। তিনি বলেন, প্যারিস, মালি, বৈরুতসহ সম্প্রতি সংঘটিত হামলার ঘটনাগুলো প্রমাণ করে, এখন কোনো দেশই এমন হামলার বাইরে নয়। তাই তাৎক্ষণিক হুমকি রুখতে এবং এ ধরনের চরমপন্থার পেছনের কারণ খুঁজতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার দরকার রয়েছে।
হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেন, ‘শিয়া মসজিদে হামলার ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।...আমি এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবাপ্রতি সমবেদনা জানাচ্ছি।’ তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহিষ্ণুতার দীর্ঘ ঐতিহ্যকে প্রশংসা করে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসীদের সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের পাশে রয়েছে তারা।
বিভিন্ন সংগঠনের নিন্দা: শিবগঞ্জের ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীর প্ররোচনায় এই বর্বর, অমানবিক ও ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশা হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তাঁরা এক বিবৃতিতে বলেন, পুরান ঢাকার হোসেনি দালানের সামনে গ্রেনেড হামলার পর বগুড়ায় শিয়া মসজিদে এই হামলা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এর পেছনে সুদূরপ্রসারী ষড়যন্ত্র আছে।
এ ছাড়া গণতান্ত্রিক বাম মোর্চা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পৃথক বিবৃতিতে হামলার ঘটনার তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।