যুক্তরাষ্ট্র ও সৌদির সঙ্গে সামরিক সহযোগিতা উদ্যোগে সিপিবির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির সাম্প্রতিক উদ্যোগে উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

গতকাল শুক্রবার দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান। বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব ও যুক্তরাষ্ট্র হলো এমন দুটি দেশ, যারা একাত্তরে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং ৩০ লাখ বাঙালিকে হত্যায় পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতাসহ নানা ঘৃণ্য ভূমিকা পালন করেছিল। শুধু তা-ই নয়, তারা ৪৫ বছর ধরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকাসহ এ দেশের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র ও অন্তর্ঘাত চালিয়ে যাচ্ছে।’

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সহযোগিতায় আইএস, আল-কায়দা, তালেবানসহ সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী গড়ে উঠেছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, এত কিছু সত্ত্বেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির যে প্রয়াস নেওয়া হচ্ছে, তা ‘খাল কেটে কুমির আনার’ মতো আত্মঘাতী ঘটনায় পর্যবসিত হবে। বিজ্ঞপ্তি।