কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন প্রবাসী বাঙালিরা। গত শনিবার কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সমাবেশ করেছেন প্রবাসীরা। তাঁরা বলেন, এটা কোনো রাজনৈতিক দাবি নয়, যুদ্ধাপরাধীদের ফাঁসির অপেক্ষায় এখন লাখ লাখ শহীদ পরিবার। তীব্র শীত ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের সামনে সংহতি সমাবেশ করে প্রবাসী প্রজন্ম। সামাজিক সংগঠন দৃষ্টিপাত-এর উদ্যোগে এ সমাবেশে ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডের প্রবাসীরাও যোগ দেন। এ ছাড়া নিউইয়র্কের ব্রুকলিন, জ্যাকসন হাইটস ও অ্যাস্টোরিয়ায় সমাবেশ হয়। এসব সমাবেশে বক্তারা বলেন, গণহত্যার সঙ্গে জড়িত যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শাহবাগে জেগে থাকা নতুন প্রজন্মই বাংলাদেশের প্রাণ। নরঘাতকদের সর্বোচ্চ শাস্তি ও দেশকে রাজাকারমুক্ত করা এখন সময়ের দাবি।জ্যাকসন হাইটসে গতকাল রোববার স্থানীয় সময় বিকেলে একটি বড় ধরনের সমাবেশ করার প্রস্তুতি চলছিল।তীব্র শীত উপক্ষো করে শনিবার বিকেলে কানাডার টরন্টোর ড্যানফোর্থ ভিক্টোরিয়া পার্কে প্রবাসী বাঙালিরা সমাবেশ করেন। এতে মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, কবি, লেখকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। তাঁদের হাতে ছিল নানা দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। সমাবেশে বক্তব্য দেন টরন্টো বিশ্ববিদ্যালয় ও ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকে। তাঁরা বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি গণমানুষের দাবি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা নিয়মিত সমাবেশ করে যাবেন।কানাডার ভ্যাঙ্কুভার থেকে প্রবাসীদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাঙ্কুভার আর্ট গ্যালারির সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে কয়েক শ প্রবাসী মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মৃত্যুদণ্ড ছাড়া যেকোনো সাজাই এসব অপরাধীর জন্য যথেষ্ট নয়।অস্ট্রেলিয়ার সিডনিতেও গতকাল প্রবাসীরা সমাবেশ করেছেন। সিডনির অ্যাশফিল্ড পার্কে স্থানীয় সময় বেলা ১১টায় এ সমাবেশ হয়। এতে অংশ নেওয়া প্রবাসীরা মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে নানা স্লোগান দেন। তাঁরা যুদ্ধাপরাধীদের আর্থিক প্রতিষ্ঠানে না যাওয়ার শপথ নেন।