যুক্তরাষ্ট্র গ্যাস-বিদ্যুতে বিনিয়োগ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী জেমস বি স্টেইনবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্র গ্যাস-বিদ্যুৎসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে আরও বিনিয়োগ করবে এবং সন্ত্রাস প্রতিরোধে আরও ঘনিষ্ঠভাবে এক সঙ্গে কাজ করে যাবে। স্টেইনবার্গ বাংলাদেশে মানবাধিকারের অগ্রগতি এবং গণতন্ত্র জোরদারে বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করেন। খবর বাসস ও ইউএনবির।স্টেইনবার্গ গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ বলেন, তাঁরা বৈঠককালে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও বাংলাদেশে মার্কিন বিনিয়োগসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর সরকারের দৃঢ় পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, সরকার ইতিমধ্যেই সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকার দেশ থেকে দুর্নীতি ও সন্ত্রাস নির্মূল করতে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, ‘আমরা এ লক্ষ্যে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করেছি।’ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুসংহত হবে। স্টেইনবার্গ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব এবং সন্ত্রাস দমন ও সুশাসন নিশ্চিতকরণে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্: সফররত যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী জেমস বি স্টেইনবার্গের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাত্ করেছেন।