যুক্তরাষ্ট্র গ্রামীণ ব্যাংকের পাশে থাকবে: ব্লেক
‘পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও আমি আপনাদের বড় সমর্থক। যুক্তরাষ্ট্র সব সময় গ্রামীণ ব্যাংকের পাশে থাকবে।’সোনারগাঁয়ের সাদীপুরে গ্রামীণ ব্যাংকের কর্মীদের এ কথা বলেছেন সফররত মার্কিন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক। গতকাল বৃহস্পতিবার সেখানে গ্রামীণ ব্যাংকের একটি কেন্দ্র পরিদর্শন করেন তিনি।গ্রামীণ ব্যাংকের সদস্যদের উদ্দেশে রবার্ট ও ব্লেক বলেন, ‘আপনারা বিশ্বের সব মানুষের জন্য প্রেরণার সৃষ্টি করেছেন।’ গ্রামীণ ব্যাংকের সদস্যরা ব্লেকের কাছে ক্ষুদ্রঋণ নিয়ে তাঁদের সফল হওয়ার কথা তুলে ধরেন। গ্রামীণ ব্যাংকের কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকেরা ব্লেকের কাছে জানতে চান, মুহাম্মদ ইউনূস ছাড়া গ্রামীণ ব্যাংক কেমন চলছে বলে তাঁর মনে হয়েছে। উত্তরে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় যোগ্য ও সক্ষম ব্যক্তি দিয়ে গ্রামীণ ব্যাংকে নেতৃত্বের বদল হবে। এমন নেতৃত্ব আসতে হবে, যাঁরা গ্রামীণ ব্যাংকের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন।’ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা গ্রামীণ ব্যাংকের সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনাদের চোখে আমি যে আলো দেখেছি তাতে অনেক আশাবাদ রয়েছে। এই আশাবাদই আপনাদের ও বাংলাদেশকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।’ ব্লেক গ্রামীণ ব্যাংকের তিনজন সদস্যের বাড়িতে যান। তিনি তাঁদের ছাগল ও গরুর খামার ঘুরে দেখেন। পরে কেন্দ্রের পাশেই সদস্যদের সাজানো হস্ত ও কুটির শিল্পসামগ্রীর স্টল ঘুরে দেখেন। গ্রামীণ ব্যাংকের সদস্যদের শিশুসন্তানেরা অতিথিদের জন্য নাচ ও গান পরিবেশন করে। একপর্যায়ে নৃত্যশিল্পীরা ব্লেককে তাদের নাচে যোগ দিতে ডাক দেয়। ব্লেক, মজিনাসহ তাঁদের সফরসঙ্গীরা শিশুদের আহ্বানে সাড়া দিয়ে নাচে যোগ দেন। ব্লেকের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান ও ব্যাংকের আন্তর্জাতিক কর্মসূচি বিভাগের মহাব্যবস্থাপক জান্নাতুল কাউনাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।