মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নারীবিষয়ক বিশেষ দূত মেলান ভারভিয়্যর বলেছেন, ‘যুক্তরাষ্ট্র গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। গ্রামীণ ব্যাংক শুধু এ দেশেই অভাবনীয় উন্নয়ন করেছে তা নয়, বিশ্বের দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়ন তথা দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখছে। তাই গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা, কার্যকারিতা বজায় রাখার ব্যাপারে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।’ মেলান ভারভিয়্যর গতকাল রোববার সন্ধ্যায় নগরের একটি রেস্তোরাঁয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। মেলান বলেন, ‘গ্রামীণ ব্যাংক এ দেশের ৮০ লাখ নারীর জীবনমান উন্নয়নে অবদান রেখেছে। এ দেশের বাইরেও আজ এর কার্যকারিতা ছড়িয়ে পড়েছে। ১৯৯৫ সালে হিলারি ক্লিনটনের সঙ্গে এবং কয়েক মাস আগে আমি গ্রামীণ ভিলেজ ঘুরে এসে এর স্বাতন্ত্র্য উপলব্ধি করেছি।’ গ্রামীণ ব্যাংকের ব্যাপারে সরকারি সিদ্ধান্তের ওপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে কি না, জানতে চাইলে মেলান ভারভিয়্যর বলেন, ‘আমাদের কাছে বাংলাদেশ ও গ্রামীণ ব্যাংক দুটিই গুরুত্বপূর্ণ। আমরা চাই না, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক, আবার গ্রামীণ ব্যাংকও কোনো কারণে ক্ষতিগ্রস্ত হোক, সেটাও আমরা চাই না।’ তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘বিষয়টি নিয়ে এর আগেও অনেকবার বলেছি, আজও বলছি, রাজনৈতিক নেতাদের মধ্যে গঠনমূলক সংলাপের মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব। আর এভাবেই একটি অবাধ, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব।’