যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স ও ইইউর নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন নৃশংস জোড়া হামলা চালিয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং প্রকাশক আহমেদুর রশীদ (টুটুল), কবি ও ব্লগার তারেক রহিম এবং রণদীপম বসুকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে। পৃথক বিবৃতিতে তিনটি দেশ ও ইইউ মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সহিংস উগ্রবাদ প্রতিহত করার ওপর গুরুত্ব দিয়েছে।
গতকাল রোববার ফেসবুক পেইজ ও বিজ্ঞপ্তির মাধ্যমে চারটি দেশ ও জোট প্রকাশক ও ব্লগারদের হতাহতের ঘটনায় এ প্রতিক্রিয়া জানায়। এর আগে গত শনিবার জাতিসংঘ ও যুক্তরাজ্য জোড়া হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয়।
ঢাকায় মার্কিন দূতাবাস ফেসবুক পেইজে বলা হয়েছে, ৩১ অক্টোবর প্রকাশক ও ব্লগার ফয়সল আরেফিন দীপন, আহমেদুর রশীদ এবং আরও দুজনের ওপর যে কাপুরুষোচিত হামলা হয়েছে, যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। নিহতদের পরিবার, বন্ধু এবং বাংলাদেশি জনগণের প্রতি তারা সহানুভূতি জানিয়েছে। এতে বলা হয়, ‘নীলাদ্রি চট্টোপাধ্যায়, ওয়াসিকুর রহমান, অনন্ত বিজয় দাশ এবং অভিজিৎ রায় হত্যাকাণ্ডের মতো এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডগুলো সহিংস চরমপন্থা রুখতে আমাদের দুই সরকারের যৌথ প্রচেষ্টার গুরুত্বকে আরও জোরালো করছে। যেসব বাংলাদেশি এ ধরনের পৈশাচিক কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে আমরা তাদের পাশে আছি এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা কাজ করে যাব।’
ঢাকায় জার্মান দূতাবাস এক বিবৃতিতে গত শনিবারের নৃশংস হামলার কঠোর নিন্দা জানিয়েছে।
জার্মান রাষ্ট্রদূত টমাস প্রিনজ বলেন, ধর্মনিরপেক্ষতা এ দেশের অন্যতম একটি মূল্যবোধ। বিভিন্ন ধর্মের ও মতের শান্তিপূর্ণ সহ-অবস্থানের জন্য বিশ্বে বাংলাদেশের ব্যাপক পরিচিতি আছে। সাম্প্রতিক হামলার ঘটনাগুলো শুধু কোনো ব্যক্তির ওপর নয়, হামলাগুলো হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলিক অধিকারের ওপর। তিনি বলেন, এসব হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। বাক্স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বাংলাদেশ সরকারকে সব সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ঢাকায় ফ্রান্স দূতাবাস গতকাল এক বিবৃতিতে বর্বরোচিত এই হত্যার কঠোর নিন্দা জানিয়েছে। এতে বলা হয়, সহিংস উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সব নারী-পুরুষের সদিচ্ছার প্রতি ফ্রান্সের সমর্থন থাকবে।
ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সর্বশেষ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। বিয়োগান্ত এ ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা দেখাতে সরকারকে আহ্বান জানাচ্ছে।
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার দ্রুত পদক্ষেপ এবং জনগণের ঐক্য ভবিষ্যতে উগ্রবাদীদের হামলা প্রতিরোধে সহায়ক হবে বলে বিশ্বাস করেন পিয়েরে মায়াদু।