যুক্তরাষ্ট্র থেকে ফিরেছে ৪০ জন অনুপ্রবেশকারী
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক ৪০ জন বাংলাদেশিকে আজ বুধবার ফেরত পাঠানো হয়েছে। এপ্রিলের পর এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরল ৬৭ জন অনুপ্রবেশকারী।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, ৪০ জন অনুপ্রবেশকারীকে নিয়ে রাত দেড়টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যুক্তরাষ্ট্রে ১৬৫ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশের নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে, বুধবারের ফেরত আসা ৪০ জন তাঁদের অন্যতম। এঁদের মধ্যে কয়েকজন বিভিন্ন অপরাধে যুক্তরাষ্ট্রের কারাগারে আটক ছিলেন। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে এঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এর আগে গত এপ্রিলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ধাপে ধাপে ফিরিয়ে আনার সিদ্ধান্তের কথা জানান। ওই সময় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ তথ্য জানান।