যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ৪০ জন বাংলাদেশিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র অবৈধভাবে প্রবেশের দায়ে আটক ৪০ জন বাংলাদেশিকে গত মঙ্গলবার গভীর রাতে ফেরত পাঠিয়েছে। গত এপ্রিলের পর এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ৬৭ জন অনুপ্রবেশকারী।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ৪০ জন অনুপ্রবেশকারীকে নিয়ে মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ওই ৪০ জন নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যুক্তরাষ্ট্রে ১৬৫ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশের নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে ফেরত আসা ৪০ জন তাঁদের একটি অংশ। তাঁদের মধ্যে কয়েকজন বিভিন্ন অভিযোগে যুক্তরাষ্ট্রের কারাগারে আটক ছিলেন। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এর আগে এপ্রিলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ধাপে ধাপে ফিরিয়ে আনার সিদ্ধান্তের কথা জানান। ওই সময় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ তথ্য জানান।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সম্প্রতি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিষয়ে বাংলাদেশের কাছে একটি তালিকা পাঠায়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি সারাহ সুয়েল, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালান বার্সিন গত মার্চে অনুপ্রবেশকারীদের তালিকায় থাকা বাংলাদেশের নাগরিকদের দ্রুত ফেরত আনতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে অনুরোধ জানান।