যুক্তরাষ্ট্র থেকে সায়রার লাশ আসবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত বাংলাদেশি তরুণী সায়রা নূর লামিসার মরদেহ আজ শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছাবে। কাল রোববার উত্তরা ১২ নম্বর কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী গত রোববার বিকেলে ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত এলাকায় প্রশিক্ষণের সময় চার আসনের সেসনা-১৭২ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে পেছনের আসনে বসা সায়রা নূর নিহত ও অপর দুজন আহত হন।
নিহত সায়রার বাবাও বৈমানিক, তিনি বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন জাকির হোসেন। ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরে তাঁদের বাসা।
ক্যাপ্টেন জাকিরের সহকর্মী বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন তারিক হাসান প্রথম আলোকে বলেন, আজ শনিবার রাত ১১টার দিকে ড্রাগন এয়ারের একটি ফ্লাইটে সায়রার মরদেহ ঢাকায় আসার কথা রয়েছে। কাল রোববার উত্তরা ৩ নম্বর সেক্টরের মসজিদে জোহরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর উত্তরা ১২ নম্বর কবরস্থানে লাশ দাফন করা হবে। জানাজা ও দাফনে সব বন্ধু ও স্বজনকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন সায়রার বাবা।