বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বাংলাদেশ থেকে অর্থ পাচার হওয়ার কিছু বিষয় চিহ্নিত করতে পেরেছে। এ বিষয়ে তারা সহযোগিতারও আশ্বাস দিয়েছে। তবে গর্ভনর এর বাইরে বিস্তারিত কিছু জানাননি।রাজধানীর একটি হোটেলে ‘ক্ষুদ্র অর্থায়ন নিয়ন্ত্রণবিধি: কার উপকার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আতিউর রহমান এ তথ্য জানান।গভর্নর আরও জানান, মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিকভাবে তথ্য আদান-প্রদানের জন্য গঠিত এগমন্ট গ্রুপের সদস্যপদ আগামী বছরই পেতে পারে বাংলাদেশ। এ জন্য বিভিন্ন শর্ত ইতিমধ্যে পূরণ করা হয়েছে।আইনমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফর করছে। গভর্নরও সেই দলের সদস্য ছিলেন। তিনি এই সফরের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় এগমন্ট গ্রুপের সদস্য হওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন চাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এতে সমর্থন দেবে বলেও জানান তিনি।আতিউর রহমান বলেন, ইতিমধ্যে মালয়েশিয়া ও থাইল্যান্ড বাংলাদেশের পৃষ্ঠপোষক হয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়া ও হংকং বাংলাদেশের এ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করছে।গভর্নর জানান, ইতিমধ্যে বাংলাদেশ মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ আইন প্রণয়ন করেছে। এর আওতায় বিধিমালাও প্রণীত হচ্ছে। এগুলো আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।উল্লেখ্য, এগমন্ট গ্রুপ হলো বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক গোয়েন্দা শাখার (ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা এফআইইউ) একটি জোট। ১৯৯৫ সালে ব্রাসেলসে এগমন্টে বিভিন্ন দেশের এফআইইউর সমন্বয়ে এই অনানুষ্ঠানিক জোট গঠন করা হয়।আতিউর রহমান এ প্রসঙ্গে বলেন, যাবতীয় প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা গেলে ২০১১ সালের মধ্যেই বাংলাদেশ এই গ্রুপের সদস্যপদ পাবে। আর তখন এর বিশাল তথ্যভান্ডার ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। ফলে মুদ্রা পাচার বা অবৈধভাবে লেনদেনের বিষয়গুলো চিহ্নিত করা সহজ হবে।