যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক বহুমুখী: বার্নিকাট
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক গতিশীল, বহুমুখী এবং অপরিহার্য। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৩৯তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
বার্নিকাট বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বাস করছে। এদের মধ্যে অনেকে লেখাপড়া করছে। কেউ ব্যবসা করছে। কেউ চাকরি করছে। বাংলাদেশেও অনেক মার্কিন নাগরিক বাস করছে। তাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের দুই দেশের জনগণই আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
আজ ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশি বন্ধু ও অংশীদারদের আমন্ত্রণ জানিয়েছেন বার্নিকাট। বিবৃতিতে তিনি বলেন, ২৩৯ বছর আগে যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছিল, সব মানুষ সমান। এই আত্মবিশ্বাস মার্কিন জনগণকে আরও বিচিত্র করে তুলেছে। তিনি বলেন, ‘আমরা মনে করি, সব পুরুষ ও নারী সমান। আমাদের গণতন্ত্র সর্বদাই তাদের স্বীকৃতি দিচ্ছে এবং স্বার্থ সংরক্ষণ করছে।’ তিনি বলেন, বাংলাদেশ দৃঢ় গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। এ দেশের সংবিধান সব মানুষের সম-অধিকার সংরক্ষণ করেছে।