যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমৃদ্ধির ব্যাপারে বদ্ধপরিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, বাংলাদেশের সমৃদ্ধির ব্যাপারে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে জনগণকে নিরাপদ ও সুরক্ষা দিতে এ দেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র সমন্বিত প্রয়াস চালিয়ে আসছে।গতকাল মঙ্গলবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরে এসি লাহা পাইলট উচ্চবিদ্যালয়ে মার্কিন সেনাবাহিনীর অর্থে নির্মিত একটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধনকালে মরিয়ার্টি এসব কথা বলেন। জানা গেছে, মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের দেওয়া দুই লাখ ৪০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বাংলাদেশি টাকায় মোরেলগঞ্জে এই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় এ কেন্দ্রে এক হাজার ২০০ মানুষ আশ্রয় নিতে পারবে। এ ছাড়া অন্য সময় অন্তত ১২০ জন শিক্ষার্থী এই ভবনকে শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করতে পারবে।মার্কিন দূতাবাসের প্রধান তথ্য কর্মকর্তা প্যাট্রেসিয়া এ হিল প্রথম আলোকে বলেন, মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের অর্থায়নে উপকূলীয় বিভিন্ন জেলায় এক কোটি ডলার ব্যয়ে ২০০৮ সাল থেকে ৪৪টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও দুটি সেতু নির্মাণের কাজ শুরু হয়। এ সময়ের মধ্যে ৩৮টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে।এসি লাহা পাইলট উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইব্রাহিম হাওলাদারের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম এবং বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে মরিয়ার্টি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং মোরেলগঞ্জের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রিকেট খেলার সরঞ্জাম দেন।রাষ্ট্রদূত দুপুরে মোরেলগঞ্জ থেকে সড়কপথে বাগেরহাটের কচুয়া উপজেলার মসনি গ্রামে যান এবং সেখানে ইউএসএআইডির সহযোগিতায় পরিবেশবান্ধব চিংড়িচাষ কর্মসূচি পরিদর্শন করেন। পরে বিকেলে তিনি সড়কপথে বাগেরহাট সদর উপজেলার চাঁপাতলা গ্রামে একটি কৃষক প্রশিক্ষণ কর্মসূচি ও গুটি ইউরিয়া সার ব্যবহারকারী প্রদর্শনী খামার পরিদর্শন করেন।