যুক্তরাষ্ট্র বিচার সমর্থন করে, তবে আরও স্বচ্ছতা চায়
যুক্তরাষ্ট্র বলেছে, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিচারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। তবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মান অনুযায়ী এ বিচারপ্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হওয়া উচিত। আর মৃত্যুদণ্ড দেওয়া ও তা কার্যকর করার আগে অধিকতর সাবধানী হতে হবে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে তা আরও গ্রহণযোগ্যতা পায়।
গতকাল শনিবার ওয়াশিংটন ডিসিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মুখপাত্র ম্যারি হার্ফ। তিনি বলেন, মোহাম্মদ কামারুজ্জামানের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় এবং বিশেষ করে বিচারিক প্রক্রিয়ার দৃঢ়তার প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে। তবে যুক্তরাষ্ট্র মনে করে, মৃত্যুদণ্ড দেওয়া ও তা কার্যকরের ক্ষেত্রে আরও সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা হলে এই প্রক্রিয়ার প্রতি জাতীয় ও আন্তর্জাতিক বৃহত্তর সমর্থন নিশ্চিত করা যাবে।