যুক্তরাষ্ট্রকে কাছে টানার কৌশল সরকারের: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার হুমকির কথা বলে সরকার যুক্তরাষ্ট্রকে কাছে টানার কৌশল নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ দাবি করেন। তিনি বলেন, আল-কায়েদার কথিত ‘অডিও বার্তার’ সঙ্গে বিএনপিকে জড়িয়ে সরকারি দল ও জোটের নেতাদের বক্তব্য ‘উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও হাস্যকর’। এটি বাংলাদেশকে জঙ্গি ও অকার্যকর রাষ্ট্র করার আরেকটি কৌশল কি না, সেটি ভেবে দেখা দরকার বলেও তিনি মন্তব্য করেন।
সম্প্রতি বাংলাদেশে ‘ইসলাম-বিরোধীদের’ বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের ডাক দিয়ে আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি কথিত একটি ভিডিও বার্তা প্রচারিত হলে তা নিয়ে সংসদেও আলোচনা হয়। গত রোববার সরকারি দল এর সঙ্গে বিএনপি-জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ আনে।
এ নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করে বিএনপি নিজেদের অবস্থান তুলে ধরে। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব আল-কায়েদার কথিত ভিডিও বার্তার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ভিত্তিও বার্তাটি এ দেশের আল-কায়েদা দিয়েছে নাকি ওই আল-কায়েদা দিয়েছে, তা বের করতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন। অর্থাৎ, সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো ভিডিও বার্তাটি সঠিক কি না, সে সম্পর্কে নিশ্চিত নয়। অথচ এ বিষয় নিয়ে সরকারের কিছু মন্ত্রী ও নেতা বিএনপিকে জড়িয়ে অযৌক্তিক, মিথ্যা ও হাস্যকর কথা বলছেন।
মির্জা ফখরুল বলেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন যে জাওয়াহিরি বিএনপি-জামায়াতের তত্ত্বাবধানে তিনবার এ দেশে এসেছিলেন। জাওয়াহিরি খালেদাকে আশ্বস্ত করেছেন। কৃষিমন্ত্রীর এই বক্তব্য নাকচ করে দিয়ে বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁকে আশ্বস্ত করার যেহেতু প্রশ্ন উঠে না এবং ফখরুদ্দীন-মইনুদ্দিনের শাসনামলের বেশির ভাগ সময় যেহেতু তিনি কারাগারে ছিলেন, সেহেতু বোঝা যায় যে কৃষিমন্ত্রীর কথিত জাওয়াহিরির সেই তিনটি সফরের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের এই শাসনামলে।
মির্জা ফখরুল বলেন, ‘জাওয়াহিরির মতো একজন ব্যক্তি একবার-দুবার নয় তিন-তিনবার বাংলাদেশে সফর করলেন, অথচ বিশ্বের কোনো গণমাধ্যম বা কোনো গুপ্তচর সংস্থা তা জানতেই পারল না, এটা কে বিশ্বাস করবে? আর কেউ না জানলেও মতিয়া চৌধুরী তা জেনেছেন, এটা তাঁর বিশেষ যোগ্যতার পরিচয়। তবে প্রশ্ন থাকে, তাঁর সরকার এ ব্যাপারে কেন ব্যবস্থা নেয়নি এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটা কৃষিমন্ত্রী এত দিন গোপন রাখলেন কেন? গাঁজাখুরি গল্পেরও একটা সীমা থাকা দরকার।’
মির্জা ফখরুল বলেন, কিছু বিষয়ে আল-কায়েদার কথিত ভিডিও বার্তার কোনো বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্যের মিলের জন্য বিএনপিকে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত করা হলে, একই কারণে দেশ-বিদেশের যেসব দল, সংগঠন, ব্যক্তি এবং যেসব রাষ্ট্র এসব অন্যায়-অনাচারের সমালোচনা করে, তাদেরও একই অভিযোগে অভিযুক্ত হতে হয়। তিনি দাবি করেন, বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদকে কখনো প্রশ্রয় দেয়নি। এ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সূত্রপাত আওয়ামী শাসনামলে এবং তার রাষ্ট্রীয় বিস্তৃতি ঘটেছে এই সরকারের আমলে। বিএনপি একটি গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল হিসেবে হত্যা, গুম, সন্ত্রাস ও নিপীড়নের প্রতিবাদ করেছে ও করবে।
মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক যেকোনো সন্ত্রাসী আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখা দেশের সব দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির দায়িত্ব। এই দায়িত্ব ঐক্যবদ্ধভাবে পালন করার ক্ষেত্র প্রস্তুত করার পরিবর্তে সরকারদলীয় রাজনৈতিক স্বার্থে দেশ ও জনগণকে বিভক্ত করার আত্মঘাতী ষড়যন্ত্র লিপ্ত। এ থেকে বিরত থাকার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।