যুক্তরাষ্ট্রকে খুশি করতে টিকফা স্বাক্ষরের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিপিবি ও বাসদ
সিপিবি ও বাসদ

টিকফা চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী উল্লেখ করে এই চুক্তি স্বাক্ষরের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ)।

আজ শুক্রবার সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক  সৈয়দ আবু জাফর আহমেদ ও বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক যুক্ত বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, নবম জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনকালীন সরকার কেবল দৈনন্দিন কাজ করবে। এই ঘোষণার প্রতি সরকারের শ্রদ্ধাশীল থাকা উচিত। আর টিকফা চুক্তি স্বাক্ষর তাদের কাজ নয়।

তাঁরা আরও বলেন, টিকফা চুক্তি বাংলাদেশের কৃষি, শিল্প, অর্থনীতির পাশাপাশি সামরিক ক্ষেত্রেও চরম হুমকিস্বরূপ। জাতীয় স্বার্থবিরোধী এই চুক্তি স্বাক্ষর কোনোভাবেই নির্বাচনকালীন সরকারের কাজের অংশ নয়।

বিবৃতিতে বাম নেতারা আরও বলেন, জনগণের প্রবল বিরোধিতার কারণে এর আগে বেশ কয়েকবার টিকফা চুক্তি স্বাক্ষরে সরকারের চেষ্টা সফল হয়নি। এখন নির্বাচনকালীন সরকারের এই উদ্যোগে স্পষ্ট যে আগামী নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে।

এদিকে টিকফা চুক্তি স্বাক্ষরের উদ্যোগের প্রতিবাদে সোমবার, ২৫ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে সিপিবি-বাসদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন বেলা সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ হবে বলে বিবৃতিতে জানানো হয়।