যুক্তরাষ্ট্রকে চিঠি দেবেন মন্ত্রী-সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এ এম রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য মার্কিন সরকারকে চিঠি দেবেন বাংলাদেশের মন্ত্রী-সাংসদেরা। সচিবালয়ে গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় এমন প্রস্তাব আসে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী প্রথম আলোকে এ তথ্য জানান।
ওই মন্ত্রী জানান, শ্রম আইন ও জিএসপি নিয়ে আলোচনার একপর্যায়ে একজন মন্ত্রী বলেন, বাংলাদেশে সামান্য কিছু হলেই মার্কিন কংগ্রেসম্যান ও সিনেটররা হুটহাট করে চিঠি দেন। তখন আরেকজন মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর একজন আত্মস্বীকৃত খুনিও যুক্তরাষ্ট্রে আছে, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। এ পর্যায়ে কয়েকজন বলেন, কংগ্রেসম্যান ও সিনেটরদের মতো বাংলাদেশের মন্ত্রী-সাংসদেরাও বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে আনতে মার্কিন সরকারের কাছে চিঠি দিতে পারেন। বৈঠকে সবাই এ বিষয়ে একমত পোষণ করেন।
এ বিষয়ে প্রথম আলোর এক প্রশ্নের জবাবে একজন মন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয় থেকে চিঠির খসড়া করে দেওয়া হবে। তার ভিত্তিতে এ চিঠি দেওয়া হবে।
জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা আপনারা দেখবেন।’
অনির্ধারিত আলোচনায় স্থগিত করে রাখা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকার বাজারসুবিধা (জিএসপি) নিয়েও আলোচনা হয়। একজন মন্ত্রী বলেন, জিএসপি স্থগিত করে রাখার বিষয়টি দেশের সুনামের বিষয়। প্রধানমন্ত্রী বলেন, এ নিয়ে বেশি কথা বলার দরকার নেই। এতে তো খুব বেশি ক্ষতি হচ্ছে না।
জিএসপি ফিরে পেতে শ্রম আইনে ট্রেড ইউনিয়নের প্রক্রিয়া সহজ করাসহ শ্রমিকদের ক্ষতিপূরণ, বাধ্যতামূলক গ্রুপ বিমা চালু, নিম্নতম মজুরি বোর্ড গঠনসহ শ্রমিকদের বেশ কিছু সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো কারখানা এবং শিল্পপ্রতিষ্ঠানের নকশা অনুমোদন, লাইসেন্স দেওয়া ও নবায়ন, শ্রেণি পরিবর্তন এবং সম্প্রসারণের অনুমোদনের আগে সরেজমিনে ওই কারখানা পরিদর্শন করতে হবে। কিন্তু গত প্রায় এক বছর আগে আইনটি হলেও বিধিমালা তৈরি করা হয়নি। প্রধানমন্ত্রী শ্রম আইন অনুযায়ী সঠিকভাবে বিধি করার জন্য শ্রম প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন।
ট্রেডমার্ক নিয়ে বিরোধ নিষ্পত্তির সময়সীমা বাড়ছে: বর্তমানে ১২০ কর্মদিবসের মধ্যে ট্রেডমার্ক নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে হয়। এই সময় বাড়িয়ে ৩৬০ কর্মদিবস করা হচ্ছে। নতুন এ সময় বৃদ্ধি করে ট্রেডমার্ক (সংশোধন) আইন-২০১৪-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এখন এটি সংসদে পাস হলে কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ট্রেডমার্ক বিরোধ নিষ্পত্তিতে যে সময়সীমা রাখা হয়েছে, অভিজ্ঞতায় দেখা যায়—তা অবাস্তব। এ জন্য মন্ত্রিসভা সময় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে।