যুক্তরাষ্ট্রকে পক্ষে টানাই সরকারের মূল উদ্দেশ্য: বিএনপি
আল-কায়েদার হুমকির কথা বলে যুক্তরাষ্ট্রকে পক্ষে টানাই সরকারের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই দাবি করেন।
সম্প্রতি বাংলাদেশে জিহাদের ডাক দিয়ে আল-কায়েদার কথিত একটি অডিও বার্তা প্রচার হলে তা নিয়ে সংসদে আলোচনা হয়। গতকাল রোববার সরকারি দল এর সঙ্গে বিএনপি-জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ আনে।
এর পরদিন আজ আল-কায়েদার অডিও বার্তা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরল বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেছেন, সরকারি দল ও জোটের নেতারা বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট বক্তব্য দিয়ে যাচ্ছে। অথচ এ বার্তা সঠিক কি না, তা পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো নিশ্চিত নয়। ভিডিও বার্তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে দেওয়া বক্তব্য শুধু মিথ্যাই নয়, হাস্যকর।
মির্জা ফখরুল বলেন, কিছু বিষয়ে আল-কায়েদার কথিত ভিডিও বার্তার কোনো বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্যের মিলের জন্য যদি বিএনপিকে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত করা হয়; তাহলে যারা একইভাবে সরকারের অনাচারের সমালোচনা করেন তাদেরও একই অভিযোগে অভিযুক্ত হতে হয়। তিনি বলেন, ‘বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদকে কখনো প্রশ্রয় দেয়নি, দেয় না। এ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সূত্রপাত আওয়ামী শাসনামলে এবং তার রাষ্ট্রীয় বিস্তৃতি ঘটেছে এই সরকারের আমলেই। বিএনপি একটি যথার্থ গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল হিসেবে হত্যা, গুম, সন্ত্রাস ও নিপীড়নের প্রতিবাদ করেছে ও করবে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কথিত ভিডিও বার্তার গ্রহণযোগ্যতা নিয়ে শুধু যে সংবাদপত্র ও নিরাপত্তা বিশ্লেষকেরা সন্দেহ প্রকাশ করেছেন তা নয়; আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ভিত্তিও বার্তাটি এ দেশের আল-কায়েদা দিয়েছে, নাকি ওই আল-কায়েদা দিয়েছে—তা বের করতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন। অর্থাত্, সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো ভিডিও বার্তাটি সঠিক কি না, সে সম্পর্কে নিশ্চিত নয়। অথচ এ বিষয় নিয়ে সরকারের কিছু মন্ত্রী ও নেতা প্রতিপক্ষ বিএনপিকে জড়িয়ে অযৌক্তিক, মিথ্যা ও হাস্যকর কথা বলছেন বলে তিনি অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘জাওয়াহিরি বিএনপি-জামায়াতের তত্ত্বাবধানে দেশে তিনবার এসেছিলেন। জাওয়াহিরি খালেদাকে আশ্বস্ত করেছেন, আমরা আছি।’ কৃষিমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘কৃষিমন্ত্রীর কথিত জাওয়াহিরির সেই তিনটি সফরের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের শাসনামলে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের প্রধান নেতা জাওয়াহিরির মতো একজন ব্যক্তি একবার-দুইবার নয়, তিন-তিনবার বাংলাদেশ সফর করলেন; অথচ বিশ্বের কোনো মিডিয়া কিংবা দেশ-বিদেশের কোনো গুপ্তচর সংস্থা তা জানতেই পারল না, এটা কে বিশ্বাস করবে?’ অবাধ তথ্যপ্রবাহ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে সরকারি প্রভাব খাটিয়ে দেশের কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে অসত্য প্রচারে বাধ্য করে জনগণকে সাময়িকভাবে বিভ্রান্ত করা গেলেও বিশ্ব জনমতকে বিভ্রান্ত করা যাবে না বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী-আলেম-ওলামাদের গুম ও হত্যাকাণ্ডের নিন্দা জানায়। মিথ্যা মামলা দিয়ে জেল, জুলুম ও হয়রানির প্রতিবাদ জানায়। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়নসহ গোটা গণতান্ত্রিক বিশ্ব, আন্তর্জাতিক ও দেশীয় মানবাধিকার সংগঠনগুলো, সুশীল সমাজ, দেশের গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার সংগঠনও এর প্রতিবাদ করে। বিএনপির বক্তব্যের সঙ্গে তাদের বক্তব্যের মিল রয়েছে। কাজেই আল-কায়েদার কথিত ভিডিও বার্তার কোনো বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্যের এসব মিলের জন্য যদি বিএনপিকে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত করা হয়, তাহলে একই কারণে দেশ-বিদেশের যেসব দল, সংগঠন, ব্যক্তি এবং যেসব রাষ্ট্র এসব অন্যায়-অনাচারের সমালোচনা করেন, তাদেরও একই অভিযোগে অভিযুক্ত হতে হয়।