যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের ল্যাপটপ ও ট্যাব না নেওয়ার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়োজাহাজে করে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য হয়ে যেসব যাত্রী যুক্তরাষ্ট্রে যাবেন, তাঁদের ল্যাপটপ, ট্যাবসহ অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইস না নেওয়ার অনুরোধ জানিয়েছে বিভিন্ন এয়ারলাইনস সংস্থা। তবে তাঁরা মোবাইল ফোন নিতে পারবেন। অবশ্য ল্যাপটপসহ অন্যান্য ডিভাইস উড়োজাহাজের মূল লাগেজে দেওয়া যাবে।
মঙ্গলবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আটটি দেশ থেকে যুক্তরাষ্ট্রগামী ও ফিরতি বিমানের ফ্লাইটে ইলেকট্রনিকস ডিভাইস নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রগামী বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইনসও যাত্রীদের একই অনুরোধ জানাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যও একই সিদ্ধান্ত নিয়েছে।
অ্যাভিয়েশন বিশেষজ্ঞ ও ভ্রমণবিষয়ক সাময়িকী মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বাংলাদেশ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে কোনো উড়োজাহাজ যায় না। অধিকাংশই দুবাই, জেদ্দাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে যায়। সে কারণে বিভিন্ন এয়ারলাইনস বাংলাদেশি যাত্রীদেরও এই অনুরোধ জানাতে শুরু করেছে। খুব দ্রুতই এর প্রভাব পড়বে। কারণ অনেক যাত্রীই দীর্ঘ সময় ট্যাব বা ল্যাপটপ ছাড়া থাকতে চান না। অবশ্য উড়োজাহাজের ভেতরে এগুলো সঙ্গে না রাখতে পারলেও মূল লাগেজে যাত্রীরা এগুলো রাখতে পারবেন। আর যুক্তরাজ্য একই ধরনের সিদ্ধান্ত নিলেও বাংলাদেশ থেকে বিমানের ফ্লাইট সরাসরি যুক্তরাজ্যে যায়। কাজেই বিমানের যাত্রীদের ওপর এর প্রভাব পড়বে না।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, জর্ডান, মিসর, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সোমালিয়াসহ আটটি মুসলিমপ্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে যেসব এয়ারলাইনস যাত্রী পরিবহন করে, সেই যাত্রীরা এখন থেকে এসব ডিভাইস নিতে পারবেন না। আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় পড়েছে নয়টি বিমান সংস্থার ফ্লাইট। এগুলো হলো রয়াল জর্ডানিয়ান, ইজিপ্ট এয়ার, টার্কিশ এয়ারলাইনস, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস, কুয়েত এয়ারওয়েজ, রয়্যাল এয়ার মারোক, কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও ইত্তেহাদ এয়ারওয়েজ।
আমেরিকান পদক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যেই ব্রিটেনও নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এতে তুরস্ক, লেবানন, জর্ডান, মিসর, তিউনিসিয়া ও সৌদি আরব থেকে যুক্তরাজ্যগামী যাত্রীবাহী ফ্লাইটে এসব ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাজ্যের তালিকায় আগের এয়ারলাইনসগুলোর পাশাপাশি এসব দেশ থেকে যাওয়া ব্রিটিশ এয়ারওয়েজ ও ইজি জেট এয়ারলাইনস রয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক শাকিল মেরাজ প্রথম আলোকে বলেন, বিমান বা বাংলাদেশের অন্য কোনো এয়ারলাইনসের উড়োজাহাজ যুক্তরাষ্ট্রে যায় না। তাঁরা এমিরেটস, ইত্তেহাদসহ অন্যান্য এয়ারলাইনসে যায়। কাজেই যাত্রীদের কিছু জানালে সেটা তারাই জানাবেন। আর বাংলাদেশ থেকে বিমানের যে ফ্লাইট যুক্তরাজ্যে যায়, সেগুলো সরাসরি যায়। কাজেই বিমানযাত্রীদের কোনো সমস্যা হবে না।