যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসকের রহস্যজনকমৃত্যু
পুরান ঢাকার অভয় দাস লেনে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রপ্রবাসী এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর নাম ইমরান আহমেদ (৫০)। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
ইমরানের পারিবারিক সূত্র বলেছে, চিকিৎসক ইমরান সপরিবারে ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রপ্রবাসী। ১০ অক্টোবর তিনি ঢাকায় এসে অভয় দাস লেনে এক বাড়িতে ওঠেন। বছরে একাধিকবার ঢাকায় এলেও ইমরান স্বজনদের বাড়িতে যেতেন না। মঙ্গলবার সকালে অভয় দাস লেনের ওই বাড়ি থেকে ইমরানের ছোট ভাই গোলাম মহিউদ্দিনকে ইমরানের অসুস্থতার কথা জানানো হয়। পরে মহিউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ইমরানকে মৃত অবস্থায় পান। পুলিশ বলেছে, মঙ্গলবার সকাল নয়টার দিকে ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোলাম মহিউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর ভাইয়ের মৃত্যু রহস্যময়। এই মৃত্যু নিয়ে তাঁদের সন্দেহ রয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করিয়েছেন। সোমবার ভাইয়ের সঙ্গে তাঁর কথা হয়। তাঁর ভাই অসুস্থ ছিলেন না। মঙ্গলবার ভাইয়ের সঙ্গে তাঁর দেখা করার কথা ছিল।
ইমরান এক ছেলে ও এক মেয়ের জনক। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নারায়ণপুর গ্রামে। আজ বৃহস্পতিবার গ্রামের বাড়িতে তাঁর লাশ দাফন করা হবে।
ঘটনা তদন্তকারী ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
কামরাঙ্গীরচরে অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা: কামরাঙ্গীরচরের হুজুরপাড়ায় গতকাল বুধবার বিকেলে বিলকিস বেগম (২৬) নামে অন্তঃসত্ত্বা এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় তাঁর স্বামীর প্রথম পক্ষের ছেলে রবিউল ইসলামকে (১৮) রক্তমাখা ছুরিসহ গ্রেপ্তার করেছে।
কামরাঙ্গীরচর থানার পুলিশ বলেছে, রবিউলের বাবা চানাচুর বিক্রেতা জসিম হাজারী প্রথম স্ত্রী ও সন্তানদের না জানিয়ে বিলকিসকে বিয়ে করেন। বিলকিসকে নিয়ে জসিম হুজুরপাড়ায় থাকতেন। তাঁর প্রথম স্ত্রী থাকেন বরিশালের মেহেন্দিগঞ্জে। তবে তাঁর ছেলে রবিউল কামরাঙ্গীরচরের আলীনগরে থাকেন। তিনি সেখানে একটি রুটির কারখানায় কাজ করেন। কিছুদিন আগে রবিউল তাঁর বাবার দ্বিতীয় বিয়ের বিষয়টি জানতে পারেন। তিনি এ ব্যাপারে প্রশ্ন করলে জসিম তা অস্বীকার করেন। গত মঙ্গলবার বিকেলে জসিম গ্রামের বাড়িতে যান। এ সুযোগে গতকাল বিকেলে রবিউল ছুরি নিয়ে হুজুরপাড়ায় জসিমের বাসায় ঢোকেন। একপর্যায়ে রবিউল বিলকিস বেগমের গলায় ছুরি চালান। বিলকিসের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে রবিউলকে আটক করেন। বিলকিস ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ এসে রবিউলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম বলেন, নিহত বিলকিস বেগম আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁকে হত্যার কথা রবিউল স্বীকার করেছেন।