ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রপ্রবাসীরা নিরাপত্তার জন্য বন্দুক নিয়ে দেশে আসতে চান
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা দেশে আসার পর নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন। তাই তাঁরা দেশে আসার সময় ব্যক্তিগত বন্দুক নিয়ে আসতে চান।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রপ্রবাসী নাগরিকদের সঙ্গে আমার আলাপ হয়েছে। তাঁরা আমাকে বলেছেন, দেশে আসার পর তাঁরা নিরাপত্তাহীনতায় ভোগেন। বিদেশ থেকে আসার পর সবাই মনে করেন, টাকাপয়সা নিয়ে এসেছেন। তাই নিরাপত্তার কারণে তাঁরা বন্দুক নিয়ে দেশে আসতে চান। প্রবাসী নাগরিকেরা বিদেশে থেকেই জাতীয় পরিচয়পত্র চান। আমরা এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করব।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীরা এক কোটি টাকা বন্ড করের সীমা তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন। এটা হলে তাঁরা বেশি টাকা দেশে পাঠাতে পারবেন।
যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের সফর শেষে মঙ্গলবার ভোরে ঢাকা ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী।