যুক্তরাষ্ট্রে অসাধারণ নির্বাচন হয়েছে: মার্শা বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্রে অসাধারণ নির্বাচন হয়েছে। সবাই তাকিয়ে আছে ভালো পরিবর্তন দেখার জন্য।
মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, এখন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হবে। আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি শুধু তাঁর দলে প্রতিনিধিত্ব করেন না, পুরো জনগণের প্রতিনিধিত্ব করেন।
আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী মহিলা মেডিকেল কলেজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বার্নিকাট। এখানে আয়োজিত মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের চিকিৎসক প্রতিনিধিদলের পরিচালনায় তিন দিনব্যাপী নিরাপদ অস্ত্রোপচারবিষয়ক কর্মশালার উদ্বোধন করেন তিনি।
মার্শা বার্নিকাট কুমুদিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার স্মৃতি স্মরণ করে বলেন, ‘এ সংস্থা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কাজ করে যাচ্ছে; যা বাংলাদেশের জন্য অসাধারণ। আমরা গর্বিত কুমুদিনী হাসপাতালের সঙ্গে ইউএসএইড ও ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড কাজ করছে—যারা কুমুদিনীর চিকিৎসক ও সেবিকাদের কাজ শেখাবে এবং তাদের কাছ থেকে কাজ শিখে যাবে।’
সকাল সাড়ে আটটায় মার্শা বার্নিকাট কুমুদিনী মেডিকেল কলেজ চত্বরে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাঁকে স্বাগত জানান। কর্মশালা উদ্বোধন শেষে বার্নিকাট কুমুদিনী হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম (বিশেষ করে ফিস্টুলা রোগের চিকিৎসা), কুমুদিনী মিউজিয়াম, কুমুদিনী লাইব্রেরি, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ ঘুরে দেখেন।
সকাল ১০টায় রাষ্ট্রদূত ভারতেশ্বরী হোমসে গেলে সেখানকার ছাত্রীরা তাঁকে মনোমুগ্ধকর শারীরিক কসরত দেখায়। পরে ছাত্রীরা কুমুদিনী চত্বরের ঝান্ডা হলে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে। অনুষ্ঠান শেষে বার্নিকাটকে কুমুদিনীর হস্তশিল্প উপহার দেওয়া হয়। এ সময় কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও ইউএসএইডের বাংলাদেশ মিশনের পরিচালক জেনিনা জারুলস্কি, আঞ্চলিক লিগ্যাল কর্মকর্তা এলক্সিস টেইলর গ্রানাডাস, কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক শ্রীমতী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।