অবৈধভাবে প্রবেশের অপরাধে আটক প্রায় দেড় শ বহিরাগত যুক্তরাষ্ট্রের বিভিন্ন জেলে অনশন চালিয়ে যাচ্ছেন। এঁদের অনেকেই বাংলাদেশের। গত বৃহস্পতিবার নিউইয়র্কে তাঁদের মুক্তির দাবিতে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী অফিসের সামনে এক বিক্ষোভে অংশ নেন শতাধিক অভিবাসী। হিলারির অফিসের একজন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
দেশিস রাইজিং আপ অ্যান্ড মুভিং (ড্রাম) নামের নাগরিক অধিকার সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন নাগরিক অধিকার সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। ইতিমধ্যে অনশন শেষে জেলখানা থেকে বেরিয়ে আসা কয়েকজন বাংলাদেশি ও তাঁদের নিকটজনও উপস্থিত ছিলেন।
ড্রাম-এর পক্ষ থেকে ফাহদ আহমেদ বলেন, যেসব বাংলাদেশি এখনো অনশন চালিয়ে যাচ্ছেন, তাঁরা সবাই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন, কিন্তু তাঁদের আবেদন প্রত্যাখ্যানের পর দেশে ফিরে যেতে অস্বীকার করায় তাঁরা জেলে রয়েছেন। কোনো কোনো বাংলাদেশি নাগরিক ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আটক রয়েছেন। মুক্তির অন্য কোনো পথ না পেয়ে তাঁরা অনশন শুরু করেছেন। এঁদের কারও কারও প্রতি দুর্ব্যবহার করা হয়েছে, এমনকি জোরপূর্বক খাওয়ানোরও চেষ্টা হয়েছে।
টেক্সাসের এল পাসো ডিটেনশন সেন্টার থেকে মুক্ত হয়ে এসেছেন এমন কয়েকজন বাংলাদেশি সাংবাদিকের কাছে তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন। তাঁরা বলেন, বাংলাদেশে সহিংসতা ও রাজনৈতিক অশান্তির মুখে তাঁরা দেশত্যাগ করে এ দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তাঁদের আবেদনের পক্ষে পর্যাপ্ত প্রমাণ দেওয়া সত্ত্বেও আদালত তাঁদের বহিষ্কারাদেশ দেন। অনশনের পর শর্ত সাপেক্ষে মুক্তি পাওয়ার পর তাঁরা সবাই রাজনৈতিক আশ্রয়ের জন্য নতুন আইনি লড়াই শুরু করেছেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন হিলারির নির্বাচনী অফিসের প্রতিনিধি লরেলা প্রায়েলি। তিনি বলেন, হিলারি ক্লিনটন অবৈধ অভিবাসন সমস্যার একটি মানবিক ও দীর্ঘস্থায়ী সমাধানের পক্ষে। তিনি বিক্ষোভকারীদের বক্তব্য হিলারির কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
বিক্ষোভ শেষে এল পাসো থেকে মুক্তি পেয়ে নিউইয়র্কে এসেছেন এমন একাধিক বাংলাদেশি যুবকের সঙ্গে প্রথম আলো কথা বলে জেনেছে, এসব যুবক, যাঁদের বয়স ১৭ থেকে ৩০-এর মধ্যে, মানব পাচার চক্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। সিলেটের বিয়ানীবাজার থেকে আসা জাহেদ আহমেদ বলেন, দক্ষিণ আমেরিকার ১৭টি দেশ পাড়ি দিয়ে অবশেষে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে তিনি এল পাসো প্রবেশ করেন। এ জন্য তাঁকে ব্যয় করতে হয়েছে প্রায় ২৫ হাজার ডলার। এত টাকা খরচ করে তিনি কেন এসেছেন জানতে চাইলে জাহেদ বলেন, বিদেশে এলে তাঁর আর্থিক অবস্থার উন্নতি হবে, অনেকের কাছ থেকে এমন একটা ধারণা পাওয়ায় তাঁর বাবা দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন।
এ রকম আরেক যুবক মৌলভীবাজারের আমিনুল ইসলাম। তিনি বলেন, অনশনের পর বহিষ্কারাদেশ নিয়ে তিনি বাইরে এসেছেন বটে, কিন্তু এ দেশে রাজনৈতিক আশ্রয় পাবেন, তার কোনো নিশ্চয়তা নেই।
ড্রাম-এর প্রধান নির্বাহী ফাহদ আহমদ প্রথম আলোকে বলেন, অত্যন্ত প্রতিকূল অবস্থার ভেতর দিয়ে এসব অভিবাসীকে যেতে হচ্ছে। যুক্তরাষ্ট্রে এ মুহূর্তে অভিবাসনের বিপক্ষে জোরালো মনোভাব গড়ে উঠেছে। কোথাও কোথাও অবৈধ অভিবাসীদের বৈষম্য ও সামাজিক তিরস্কারের সম্মুখীন হতে হয়েছে।