যুক্তরাষ্ট্রে একই দিনে বাংলাদেশিদের দুটি সম্মেলন
৭ সেপ্টেম্বর সোমবার ‘লেবার ডে’ উপলক্ষে যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি। এই ছুটির দিনটির সঙ্গে মিলিয়ে তিন দিনের ছুটির সুযোগ নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের দুটি বড় সম্মেলন। একটি ‘২৯তম ফোবানা কনভেনশন’। অন্যটি ‘২৯তম নর্থ আমেরিকা-বাংলাদেশ কনভেনশন’ (এনএবিসি সম্মেলন)। প্রথমটি অনুষ্ঠিত হবে কুইন্সের একটি কলেজে, পরেরটি ম্যানহাটনের একটি হোটেলে।
উভয় সম্মেলনের উদ্যোক্তারাই নিজ নিজ সম্মেলনকে আদি ‘বাংলাদেশ সম্মেলন’ বলে দাবি করেছেন।
ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা বা ফোবানা সম্মেলনের প্রধান উপদেষ্টা নূরান নবী প্রথম আলোকে বলেন, কয়েক বছর আগে মার্কিন বিচার বিভাগের হস্তক্ষেপের পর তাঁরাই এখন একমাত্র আইনসম্মত ফোবানা। এই নাম ব্যবহার করে ইতিপূর্বে একই সময়ে এক বা একাধিক শহরে পাল্টাপাল্টি সম্মেলন হয়েছে। এখন আর সে সম্ভাবনা নেই।
এনএবিসি সম্মেলনের প্রধান সমন্বয়কারী মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, ‘নর্থ আমেরিকা-বাংলাদেশ কনভেনশন বা এনএবিসি নামে রেজিস্ট্রিকৃত একটি সংগঠনের অধীনে তাঁরাই ২৯ বছর ধরে বাংলাদেশ সম্মেলনের আয়োজন করে আসছেন। যুক্তরাষ্ট্রের প্রায় ১৬টি অঙ্গরাজ্যের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাঁদের সঙ্গে রয়েছে।
উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফোবানার মতো একটি ব্যাপকভিত্তিক সংগঠনের গুরুত্ব বেড়েছে। তবে এই সংগঠনের আয়োজিত বাৎসরিক সম্মেলন এখন পর্যন্ত কোনো অর্থপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। নিউইয়র্কের প্রবীণ সাংবাদিক মোহাম্মদ উল্লাহ বলেন, বাংলাদেশ সম্মেলনের নামে যে ‘মেলার’ আয়োজন করা হয়ে থাকে, তা আসলে একধরনের তামাশা। অর্থপূর্ণ কোনো কিছুই এসব জমায়েত থেকে অর্জিত হয় না।
মোহাম্মদ উল্লাহ বলেন একই সময়ে বাংলাদেশ সম্মেলনের নামে দুটি অনুষ্ঠানের আয়োজন খুবই দুঃখজনক। বস্তুত এর পেছনে রয়েছে নেতৃত্বের লড়াই।