যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পাচ্ছেন ৫০ লাখ অভিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ৫০ লাখ অবৈধ অভিবাসীর দুঃসময়ের অভিবাসন জীবনের অবসান ঘটতে চলেছে। কাজের অনুমতি পেতে যাচ্ছেন তাঁরা। যুক্তরাষ্ট্র সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রেসিডেন্ট বারাক ওবামার এ ঘোষণা দেওয়ার কথা ছিল।
বুধবার হোয়াইট হাউসে নিজের ডেমোক্র্যাট দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর অভিবাসন-প্রক্রিয়া সংস্কার নিয়ে ওবামা তাঁর নির্বাহী ক্ষমতা প্রয়োগ করার কথা জানান। এর পর থেকে শুরু হয়েছে আনন্দ-উল্লাস। অভিবাসী গ্রুপ, বিশেষ করে ল্যাটিনোদের মধ্যে আনন্দের মাত্রাটা বেশি। নির্বাহী আদেশে সবচেয়ে বেশি সুবিধা পাবে তারাই। তবে ওবামার এই পদক্ষেপের ফলে ব্যাপকসংখ্যক বাংলাদেশিও বৈধভাবে কাজের অনুমতি পাবেন।
গত বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসে ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে ওবামা অভিবাসন নিয়ে তাঁর নির্বাহী আদেশের বিস্তারিত তুলে ধরেন। তবে গণমাধ্যমের কাছে এ ব্যাপারে বিস্তারিত কিছু আগাম প্রকাশ করা হয়নি। যদিও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপের সূত্র ধরে দ্য নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ প্রধান প্রধান মার্কিন সংবাদমাধ্যম নির্বাহী আদেশের সারসংক্ষেপ প্রকাশ করেছে।
সংবাদ সূত্র অনুযায়ী, নির্বাহী আদেশে পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের বৈধভাবে কাজ করার অনুমতি দেওয়া হবে। কাজের অনুমতি পাওয়ার পর এসব অভিবাসীকে জোর করে স্বদেশে পাঠানো হবে না। এর ফলে তাঁদের আর ধরপাকড়ের ভয়ে থাকতে হবে না। কর দিয়ে কাজ করতে পারবেন অন্তত ৪০ লাখ অভিবাসী। এ ছাড়া অপ্রাপ্ত বয়সে যুক্তরাষ্ট্রে এসেছেন, এমন আরও ১০ লাখ অবৈধ মানুষকে বৈধভাবে কাজের অনুমতি দেওয়া হবে।
তবে নির্বাহী আদেশের ফলে অবৈধ লোকজন কাজের অনুমতি পেলেও মার্কিন অভিবাসন-প্রক্রিয়ায় গ্রিন কার্ড বা নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবে না। ভোট দেওয়া, স্বাস্থ্যসেবা, ফুড স্টাম্প, আবাসন নিরাপত্তাসহ অন্যান্য নাগরিক সুবিধাও নিয়ন্ত্রিত থাকবে এসব অভিবাসীর জন্য। একই সঙ্গে পরবর্তী প্রেসিডেন্টের নির্বাহী আদেশ বা কংগ্রেসের আইন প্রণয়ন পদ্ধতিতে এসব অভিবাসীর কাজের অনুমতি প্রত্যাহারের সুযোগ থাকবে।
ওবামার এই উদ্যোগের তীব্র বিরোধিতা করছে রিপাবলিকানরা। প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান নেতা জন বয়েনার এবং প্রভাবশালী রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের দপ্তর থেকে বলা হয়েছে, বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন, অনেকটা সম্রাটের মতো আচরণ করছেন। অভিবাসনব্যবস্থা নিয়ে তাঁর এ নির্বাহী আদেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং যুক্তরাষ্ট্রে অবৈধদের প্রবেশকে উৎসাহিত করা হবে।
তবে হোয়াইট হাউস থেকে বুধবার বিকেলে প্রচারিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমরা সবাই জানি, আমেরিকার অভিবাসনব্যবস্থা ভেঙে পড়েছে। দুঃখজনক হলেও সত্য যে ওয়াশিংটনে এ সমস্যাকে জিইয়ে রাখা হচ্ছে এবং দীর্ঘায়িত করা হচ্ছে।’
ডেমোক্র্যাট নেতারা বলছেন, প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশ অভিবাসন সমস্যার কোনো স্থায়ী সমাধান নয়। প্রেসিডেন্ট তাঁর নির্বাহী ক্ষমতা ব্যবহার করে সংস্কারের পথে একটি বড় পদক্ষেপ গ্রহণ করছেন।
আমেরিকান ভয়েস নামের নাগরিক সংগঠনের নির্বাহী পরিচালক ফ্রাঙ্ক শেরি বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যা ৫০ লাখের অনেক বেশি। তার পরও নির্বাহী আদেশে আপাতত এ ৫০ লাখ লোকজনের অবৈধতার ছাপ থেকে মুক্ত হওয়াকে অভিবাসীদের জন্য অনেক দিন পর বড় পাওয়া বলে তিনি মন্তব্য করেন।