যুক্তরাষ্ট্রে ক্ষুণ্ন হচ্ছে প্রবাসীদের ভাবমূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে সম্প্রতি অভিবাসীবহুল নগরগুলোতে অপরাধচক্রের সঙ্গে বাংলাদেশিদের জড়িয়ে পড়ার ঘটনা বাড়ছে। গত সপ্তাহে সংঘবদ্ধ জালিয়াতির ঘটনায় নিউইয়র্কেই ১৪ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে ক্রেডিট কার্ড জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এ অবস্থায় পরিশ্রমী অভিবাসী হিসেবে সুপরিচিত বাংলাদেশিদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) গ্রেপ্তার হওয়া ১৪ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। আদালতে উপস্থাপিত অভিযোগপত্রে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অন্যের ব্যক্তিগত তথ্য চুরি করেছেন। তাঁরা ক্রেডিট কার্ডও জালিয়াতি করেন। পুলিশের হাতে আটক হওয়া বাংলাদেশি এজাজ কবির, জিয়া আলম, ফিরোজ, আলতাফসহ অন্যরা ভুয়া পরিচয়ে ব্যাংক ঋণ গ্রহণ করেছেন। অন্যের বাড়ি নিজের নামে দেখিয়ে শুধু এজাজ কবিরই পাঁচ লাখ ডলারের প্রতারণামূলক ঋণ নেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।এফবিআই বিপজ্জনক অপরাধীদের ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত করে থাকে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাহিদুল আলম নামের একজন বাংলাদেশি চিকিৎ সকের নাম ওই তালিকায় রয়েছে। তাঁর বিরুদ্ধে ফিলাডেলফিয়ার হাসপাতালে এক নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। জাহিদুলকে বিপজ্জনক অপরাধী বলে এফবিআই তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।নিউইয়র্কে সৎ -কর্মী হিসেবে বাংলাদেশি ট্যাক্সি চালকদের সুনাম দীর্ঘদিনের। সম্প্রতি এক তদন্তে ধরা পড়ে, যাত্রী উঠানোর পর মিটারের সুইচ বদল করে দ্বিগুণ ভাড়া আদায় করছেন একদল চালক। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৯ জন চালকের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন। ওই দুজন ইতিমধ্যে আদালতে তাদের অপরাধ স্বীকার করেছেন।এর আগে নিউইয়র্কে সংঘবদ্ধ জালিয়াত চক্রের নয়জন বাংলাদেশি গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্ত জোবায়ের হোসেন এবং মুহিতুল ইসলাম পুলিশের খাতায় এখন পলাতক। এফবিআইয়ের নিউইয়র্ক কার্যালয় থেকে জানানো হয়, এ পর্যন্ত ৪০ জনেরও বেশি বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। কিন্তু প্রতারণা ও জালিয়াতির সঙ্গে বাংলাদেশিদের জড়িয়ে পড়া বন্ধ হয়নি।এ ব্যাপারে নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রভাবশালী। ঢাকা থেকে সরকারি-বেসরকারি প্রভাবশালীরা এখানে এসে চিহ্নিত এসব লোকজনের আতিথেয়তা গ্রহণ করেন।নিউইয়র্কে প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সোসাইটির নেতা আতাউর রহমান বলেন, দেশের মতো এখানে জালিয়াতি-প্রতারণা করে পার পাওয়ার সুযোগ নেই। দেশের ভাবমূর্তি রক্ষায় সব প্রবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।