যুক্তরাষ্ট্রে খুনের দায়ে বাংলাদেশি যুবকের ২০ বছরের দণ্ড
খুনের দায়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী সাইদ রহমান (২৬) নামের এক বাংলাদেশি যুবকের ২০ বছরের কারাদণ্ড হয়েছে। গত মঙ্গলবার ম্যানহাটন সুপ্রিম কোর্টের বিচারক রেনে হোয়াইট এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। ২০০৮ সালের আগস্ট মাসে নিউইয়র্ক নগরের টাইম স্কয়ার এলাকায় ইনগরিভ রিভেরাকে (২৪) নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মামলার বিবরণ থেকে জানা যায়, ঘটনার দিন নাইট ক্লাবের এক পার্টিতে গিয়েছিলেন রিভেরা। কিন্তু একসময় ক্লাবে তাঁকে খুঁজে পাওয়া না যাওয়ায় দীর্ঘ তল্লাশির পর ক্লাবের ছাদের এক নির্জন স্থান থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ নাইট ক্লাবে কর্মরত বাংলাদেশি যুবক সাইদকে গ্রেপ্তার করে পুলিশ।তদন্তের একপর্যায়ে সাইদ রিভেরাকে হত্যার কথা স্বীকার করেন। মাতাল অবস্থায় তিনি রিভেরাকে ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। রিভেরা এ ঘটনা পুলিশের কাছে ফাঁস করে দিতে পারেন—এ ভয়ে তিনি একপর্যায়ে রিভেরাকে হত্যার সিদ্ধান্ত নেন এবং লোহার পাইপ দিয়ে তাঁর মাথায় ও শরীরে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রিভেরার মৃত্যু হয়। এরপর বহুতল ওই ভবনের ছাদের একটি নির্জন স্থানে লাশ লুকিয়ে রেখে সাইদ ফিরে আসেন তাঁর কাজে। আইনজীবীর পরামর্শে আদালতে সাইদ স্বেচ্ছায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। এতে চূড়ান্ত দণ্ড (মৃত্যুদণ্ড) থেকে তিনি রেহাই পেলেও তাঁর ২০ বছরের কারাদণ্ড হয়। আদালতে রায় ঘোষণা করতে গিয়ে বিচারক রেনে হোয়াইট বলেন, বাংলাদেশি অভিবাসী সাইদ রহমানের জীবনযাপন সমস্যাসংকুল বলে প্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা করা যায়।