যুক্তরাষ্ট্রে গবেষণার সুযোগ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় আমেরিকায় গবেষণার সুযোগ পাবেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কার্যালয়ে আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট গোলাম মাতবর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, এ চুক্তির ফলে আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা গবেষণা, পড়ালেখা, সাংস্কৃতিক বিনিময় করাসহ শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন মেয়াদে গবেষণার সুযোগ পাবেন।

এ ছাড়া উভয় প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে গবেষণা, সেমিনার, ওয়ার্কশপের আয়োজন করতে পারবে।

আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ আমেরিকায় ২২টি ও বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ১৮টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ ধরনের চুক্তি করেছে।