যুক্তরাষ্ট্রে গিয়ে সংসদীয় কমিটি যা বলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

বিএনপি অংশ নিলে জাতীয় নির্বাচন নিয়ে অনেক সমস্যা দূর হতে পারে—সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিভিন্ন বৈঠকে এই বার্তা দিয়েছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।

ওই সফর থেকে ফেরার মাসখানেক পর আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বৈঠক করে সংসদীয় কমিটি। বৈঠকে কমিটি যুক্তরাষ্ট্রের থিঙ্কট্যাংকগুলোর সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে ঢাকা-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

গত ১৮ থেকে ২১ মে যুক্তরাষ্ট্র সফর করে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে ওই সফর নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, প্রতিনিধিদল মার্কিন সিনেটর টেড ক্রুজ, কংগ্রেসম্যান স্টিভ শ্যাবো এবং ডুয়াইট ইভান্সের সঙ্গে বৈঠক করে। এ ছাড়া দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং রিপাবলিকান পার্টির গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সঙ্গেও বৈঠক করে সংসদীয় প্রতিনিধিদল।

সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ফারুক খান সাংবাদিকদের বলেন, নির্বাচন, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, শ্রম পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সফরে আলোচনা হয়েছে। এই আলোচনার ফলাফল হয়তো পরে দেখা যাবে।

সফরে আইআরআইয়ের প্রধানের সঙ্গে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ফারুক খান বলেন, ‘আমরা বলেছি, বিএনপি নির্বাচনে এলে আমাদের নির্বাচন নিয়ে অনেক সমস্যা দূর হতে পারে। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আমাদের সংবিধানের ভেতরে আলোচনার অনেক সুযোগও আছে। বিএনপি যদি বলে তারা নির্বাচনে যাবে, তাহলে তো কথার কিছু নেই। কিন্তু তারা বলে নির্বাচনে যাবে না, প্রতিহত করবে। তখন তো আলোচনার কিছু থাকে না।’

ফারুক খান বলেন, তাঁরা বলেছেন, পৃথিবীর অন্য সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হয় এবং হবে। তবে পৃথিবীর সবখানেই নির্বাচনে হেরে যাওয়া পক্ষ বলে, সমস্যা হয়েছে। যুক্তরাষ্ট্রেও এটা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পও নির্বাচনের ফলাফল মানেননি।

ফারুক খান আরও বলেন, ‘আমরা বলেছি, বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয় যখন সব দলই নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচন নিয়ে তখনই প্রশ্ন ওঠে, বিএনপি বা তার সমমনা দলগুলো যখন আসে না এবং না এসে যদি বলে নির্বাচনকে প্রতিহত করব, তখনই গোলমাল হয়। আমরা আশা প্রকাশ করেছি আগামী নির্বাচনে বিএনপি আসবে।

নির্বাচন নিয়ে যদি তাদের কোনো পর্যবেক্ষণ থাকে বা নির্বাচনী ব্যবস্থাকে উন্নত করার বিষয়ে তাদের যদি কোনো পরামর্শ থাকে, তাহলে নির্বাচন কমিশনের কাছে যেতে পারে।’

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ফারুক খান বলেন, তাঁরা বলেছেন, যুক্তরাষ্ট্রের পরামর্শে র‍্যাব গঠন করা হয়েছে। ২০০৪-০৫ সালে বাংলাদেশ প্রায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলছিল। আইএস, জঙ্গি, সন্ত্রাসবাদ এখন অনেক কমে গেছে। এর পেছনে র‍্যাবের অবদান রয়েছে। তবে দায়িত্ব পালনের সময় র‍্যাব কখনো কখনো নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে। এমন ঘটনায় শাস্তিও হয়েছে।