যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর লাশ ফেরত চায় পরিবার
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডাকাতের গুলিতে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর লাশ দ্রুত দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
প্যাসিফিক স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি ওই শিক্ষার্থীর নাম মিজানুর রহমান (৩৩)। গত মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটায় লস অ্যাঞ্জেলেসের ভারমন্ট স্ট্রিটে অবস্থিত শেভরন পেট্রলপাম্পে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীনগর গ্রামের আবদুর রফিকের ছেলে। তিনি উচ্চতর শিক্ষার জন্য ২০১৪ সালের জুনে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে যান। পরিবার জানিয়েছে, এ বছর মিজানুর শেষ সেমিস্টারে পড়ছিলেন এবং বছর শেষেই তাঁর দেশে ফেরার কথা ছিল।
নিহত মিজানুর রহমানের বাবা আবদুর রফিক ছেলের লাশ দ্রুত ফেরত আনার ব্যাপারে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তাদের সাহায্য চেয়েছেন।
মিজানুর রহমানের ভগ্নিপতি সোহেল রানা বলেন, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) পড়ালেখা শেষে মিজানুর রহমান যুক্তরাষ্ট্রে যান। ছয় মাস আগে তিনি লস অ্যাঞ্জেলেসের ওই পেট্রলপাম্পে কোষাধ্যক্ষের চাকরিতে যোগ দেন। গত বুধবার সকালে মিজানুরের রুমমেট তুহিন মুঠোফোনের মাধ্যমে তাঁর নিহত হওয়ার খবর দেন। পরিবারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির নেতা মোমিনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
মোমিনুল হক জানিয়েছেন, দুর্বৃত্তরা ডাকাতি করে চলে যাওয়ার সময় মিজানুরকে গুলি করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে মিজানুরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।