যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তের গুলিতে যুক্তরাষ্ট্রে লুৎফুর রহমান তরফদার বেলাল (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিউইয়র্ক সময় ২৫ আগস্ট রাত পৌনে ১১টা থেকে ১১টার মধ্যে কানেকটিকাট রাজ্যের ম্যানচেস্টার শহরে দোকানে কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটে।লুৎফুর রহমান তরফদার মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের দিশালোক গ্রামের মৃত আবদুল গফুর তরফদারের ছেলে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী নিহতের পরিবার ও বন্ধুদের সূত্রে জানা গেছে, ম্যানচেস্টার শহরে তিনি সার্কেল-এইচ নামে অংশীদারি মালিকানায় একটি মুদি দোকান (গ্রোসারি শপ) পরিচালনা করতেন। তিনি সেই দোকানের একজন কর্মীও ছিলেন। ঘটনার সময় দুর্বৃত্তের গুলিতে তিনি নিহত হন। তাঁর শরীরে দুই থেকে তিনটি গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁর পরিবারের সবাই যুক্তরাষ্ট্রপ্রবাসী। লুৎফুর রহমান ১৯৮৮ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী কমিটির একজন সদস্য এবং নিউইয়র্ক ইয়েলো সোসাইটির সাবেক সভাপতি। তাঁর স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।নিহতের ঘনিষ্ঠ বন্ধু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ গতকাল রোববার রাতে বলেন, ‘আজ (রোববার) বেলা দেড়টার দিকে আমি প্রথম ঘটনাটি জানি। এরপর কানেকটিকাটে অবস্থানরত তাঁর বন্ধু ও পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। তাঁরা জানিয়েছেন, বিষয়টি ম্যানচেস্টার পুলিশ তদন্ত করছে।’