যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে পারভেজ আহমেদ (৪৮) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শনিবার তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তের হামলার শিকার হন। পারভেজের পরিবার এসব তথ্য নিশ্চিত করেছে।পারভেজ যুক্তরাষ্ট্রের টেনশি অঙ্গরাজ্যের নক্সভিল শহরে সপরিবারে বাস করতেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার কালিপুরে।পারিবারিক সূত্র জানায়, পারভেজ আহমেদ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত ছিলেন। টেনশি অঙ্গরাজ্যের নক্সভিল শহরে তাঁর নিজস্ব একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে (বাংলাদেশ সময় রোববার ভোর) তিনি তাঁর প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ঢোকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা পারভেজকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।পারভেজের ভাই রুবেল আহমেদ বলেন, ‘দুর্বৃত্তের গুলিতে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে, এতটুকু পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি। সে দেশের প্রশাসন বিষয়টি তদন্ত করছে। কীভাবে এবং কেন আমার ভাই খুন হয়েছে, মঙ্গলবারের পর বিস্তারিত জানা যাবে।’