যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী রাসেলের লাশ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক মিজানুর রহমান ওরফে রাসেলের (৩৩) দাফন চাঁপাইনবাবগঞ্জে সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার শহরের ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে ফকিরপাড়া গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মঙ্গলবার রাতে তাঁর লাশ শহরের পাঠানপাড়ায় তাঁর নানার বাড়িতে আনা হয়।
মিজানুর রহমানের বাবা আবদুর রফিক শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ হুমায়ন রেজা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি বলেন, তাঁদের গ্রামের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগরে। পরে তাঁরা শিবগঞ্জ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার নিজস্ব বাড়িতে থাকেন। মিজানুর রহমান মনাকষা হুমায়ন রেজা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
২০০৮ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। প্রায় আড়াই বছর আগে এমবিএ করতে তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে লস অ্যাঞ্জেলেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। পাশাপাশি ভারমন্ট স্ট্রিটে একটি ফিলিং স্টেশনে কাজ করতেন তিনি। গত ১৭ জানুয়ারি ভোরে সেখানে দায়িত্বরত অবস্থায় ডাকাতের গুলিতে মারা যান মিজানুর।