যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে জঙ্গি হামলা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে আলোচনা চলছে। প্রবাসীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। গ্রীষ্মের ছুটিতে পরিবার নিয়ে দেশে যাওয়ার ব্যাপারে অনেক প্রবাসী এখন দ্বিধান্বিত।

গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জিম্মি সংকট শুরু হওয়ার পর থেকে মার্কিন গণমাধ্যম অনবরত খবর পরিবেশন করতে থাকে। সংবাদের পাশাপাশি চলে বিশ্লেষণও।

জিম্মি সংকটের অবসানের পর পশ্চিমারাও বলেছে, পরিস্থিতি ভালোই সামাল দিয়েছে বাংলাদেশ। তবে আরও দ্রুততার সঙ্গে অভিযান চালালে নিহত ব্যক্তির সংখ্যা কম হতে পারত।

নিউ জার্সিতে বসবাসরত সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেগ ইয়াংয়ের মতে, জিম্মি সংকটের মতো পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের পূর্বাভিজ্ঞতা নেই। তাই সংকটের সমাধানে কিছুটা বিলম্ব হয়েছে।

গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন—এমন প্রবাসীরা এখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। বর্তমান পরিস্থিতিতে তাঁরা তাঁদের সন্তানদের সঙ্গে নিয়ে দেশে যেতে ভয় পাচ্ছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরও তার দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছে।

মার্কিন গণমাধ্যমের প্রচার-প্রচারণার ফলে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মধ্যে বাংলাদেশ সম্পর্কে একধরনের ভীতিকর মনোভাব গড়ে উঠছে। দীর্ঘদিন প্রবাসে থাকা সাংবাদিক মাহবুবুর রহমান এমনটাই মনে করছেন।

গুলশানে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের তিনজন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তাঁদের মধ্যে একজন মার্কিন নাগরিক।

তিনজনের পরিচয় প্রকাশিত হলেও দেশটির পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিক হিসেবে কাউকে পৃথকভাবে চিহ্নিত করেনি।

তিনজনের মধ্যে অবিন্তা কবির ও ফারাজ আইয়াজ হোসেন ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ভারতীয় তরুণী তারুশি জৈন ছিলেন বার্কলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

অবিন্তা ও ফারাজ নিহত হওয়ার ঘটনায় ইমোরি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শোক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শোক জানিয়েছে। তারা নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জেমস ওয়াগনার নিহত দুই শিক্ষার্থীর স্বজনদের সঙ্গে ফোনে কথা বলে সান্ত্বনা দিয়েছেন।

তারুশির জন্য শোক জানিয়েছে তাঁর বিশ্ববিদ্যালয়।

অবিন্তা ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। ফ্লোরিডার রাজ্য গভর্নর রিক স্কট এই হত্যাকাণ্ডকে পাশবিক উল্লেখ করে শোক ও সমবেদনা জানিয়েছেন। অঙ্গরাজ্যের সর্বত্র আজ রোববার পতাকা অর্ধনমিত রাখার নির্বাহী আদেশ জারি করেছেন তিনি।

জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় নিউইয়র্কে প্রবাসীরা স্মরণসভা করেছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় শোক সমাবেশ হয়েছে।

নিহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে।

শোক সমাবেশে বক্তারা বলেছেন, জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যের জন্য সময়ক্ষেপণের পরিণাম হবে ভয়াবহ।

বক্তারা বলেন, দেশে কেউ আজ নিরাপদ নয়। জঙ্গিদের গোড়া অনেক শক্তপোক্ত হয়ে উঠেছে।

জঙ্গিবাদবিরোধী জনমত গড়তে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি সমাবেশ থেকে আহ্বান জানানো হয়েছে।