যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে গুলি করে এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। নিহতের নাম তৌহিদুল ইসলাম মারুফ (৩৭)।তৌহিদুল একটি ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করতেন। ১১ বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত সাতটায় এ ঘটনা ঘটে।যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ সংস্থা ও টেলিভিশনও খবরটি প্রচার করেছে। এতে বলা হয়, তৌহিদের মাথায় গুলি করা হয়। আহত তৌহিদকে ব্রে ফ্রন্ট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। পুলিশ হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে বলে এসব সংবাদে তথ্য প্রকাশ করা হয়েছে। যিনি গুলি করেছেন তিনি পাঁচ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এবং কৃষ্ণাঙ্গ বলে জানা গেছে।নিহতের বড় ভাই ঢাকার বাসিন্দা তৌফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘আমরা বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে প্রথম খবরটি জানতে পারি। তৌহিদুলের স্ত্রী নারিশা ইসলাম আমাদের এ খবর জানায়।’