যুক্তরাষ্ট্রে বিএনপি নেতার ছেলের সংবাদ সম্মেলন পণ্ড
বাংলাদেশি এক রাজনীতিক সম্পর্কে মার্কিন সরকারের গোপন তথ্য সংগ্রহের চেষ্টার ঘটনায় দোষী সাব্যস্ত রিজভী আহমেদের সংবাদ সম্মেলন পণ্ড হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইকে ঘুষ দিয়েছিলেন ওই বিএনপি নেতার ছেলে।
গতকাল শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ওই সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন একজন প্রবাসী বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ। প্রতিবাদের মুখে সম্মেলন ভণ্ডুল হয়ে যায়।
পুলিশ প্রহরায় নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর সংবাদ সম্মেলন শুরু হলেও রিজভী শুরু থেকেই প্রবল প্রতিবাদ ও গণ্ডগোলের মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে তিনি দ্রুত সংবাদ সম্মেলনকক্ষ ত্যাগ করেন।
সম্মেলনকক্ষে প্রতিবাদকারীদের অনেককে জয় বাংলা স্লোগান দিতে শোনা যায়। পরে রিজভীর বাবা মোহাম্মদ উল্লাহ মামুন বাংলায় একটি বিবৃতি সংবাদমাধ্যমকর্মীদের মধ্যে বিলি করেন।
রিজভী আহমেদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তাঁকে (রিজভী) নিয়ে যেসব খবর দেশের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, তার সঙ্গে বাস্তবতার মিল নেই। জয় বা তাঁর পরিবারের কাউকে অপহরণ কিংবা তাঁদের কোনো ক্ষতি করার অথবা তাঁদের ভয়ভীতি দেখানোর কথা আদালতে তিনি বলেননি, স্বীকারোক্তি করা তো দূরের কথা।
রিজভীর বাবা সাংবাদিকদের বলেন, ‘তাঁর ছেলে ঘুষ প্রদানের চেষ্টা ও তার জালিয়াতি (ওয়্যারফ্রড)-এ দুই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। বাংলাদেশে বড় ধরনের দুর্নীতি উদঘাটনের লক্ষ্যেই সে গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল। বিএনপি বা কোনো ব্যক্তিবিশেষের প্ররোচনায় নয়; বরং এ কাজ সে নিজে থেকেই করেছিল।’
রিজভী আহমেদ এফবিআই এজেন্টকে যে ৪০ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার উৎস কী জানতে চাইলে মোহাম্মদ উল্লাহ বলেন, অর্থ প্রদানের অভিযোগ আনা হয়েছে, কিন্তু তা প্রমাণিত হয়নি। রিজভী একাধিক বিএনপি নেতার সঙ্গে বৈঠক করেছেন, এ অভিযোগের জবাবে বাবা বলেন, তা-ও সত্য নয়। তাঁর দাবি, ‘আমার ছেলে শুধু দেশপ্রেম থেকে এই কাজ করেছে।’
এদিকে প্রথম আলোর সঙ্গে এক টেলিফোন আলাপে রিজভী আহমেদ স্বীকার করেন, এফবিআই এজেন্টকে ৩০ হাজার ডলার দেওয়ার রফা হয়েছিল, কিন্তু কোনো অর্থ হাতবদল হয়নি। তবে একপর্যায়ে বলেন, এক হাজার ডলার দিয়েছিলেন।
দোষী প্রমাণিত হওয়ায় লজ্জিত বা এ জন্য কোনো আত্মগ্লানিবোধ আছে কি না-এমন প্রশ্ন করা হলে রিজভী বলেন, ‘মোটেই না’। তিনি জানান, দেশের ভালো হবে, সে জন্যই তিনি এ কাজে নিয়োজিত হয়েছিলেন। চলতি মাসের ৩০ তারিখে রিজভীর বিরুদ্ধে সাজা ঘোষণার কথা রয়েছে। তাঁর ৪২ মাসের কারাদণ্ড হতে পারে।
রিজভী প্রথম আলোকে জানান, স্থানীয় সময় রোববার জ্যাকসন হাইটসে তিনি পুনরায় সংবাদ সম্মেলনের চেষ্টা করবেন।