যুক্তরাষ্ট্রে যাওয়ার লোভে পড়ে যুবক প্রতারণার শিকার
যুক্তরাষ্ট্রে যাওয়ার আশায় পত্রিকার বিজ্ঞাপনে বিশ্বাস করে প্রতারণার শিকার হয়েছেন মাদারীপুরের শিবচর পৌর এলাকার দুই সন্তানের জনক সুরুজ মাদবর (৩০)। প্রতারক নাসরীন সুলতানাকে আটক করেছে পুলিশ।শিবচর পৌরসভার চরগুয়াতলা বাহেরচরের রাজা মিয়া মাদবরের ছেলে সুরুজ। গত ৮ ফেব্রুয়ারি একটি জাতীয় পত্রিকায় ‘আমেরিকান সিটিজেন (২৮) স্বামীহারা সন্তানহীন পাত্রীর জন্য পাত্র চাই’ শিরোনামের বিজ্ঞাপন দেখে বিদেশে যাওয়ার লোভে পড়েন সুরুজ। বিজ্ঞাপনের ঠিকানায় যোগাযোগ করলে ঢাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয় সুরুজকে। সে অনুযায়ী ১০ ফেব্রুয়ারি ঢাকায় কুড়িল বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি ভবনে যান সুরুজ। এক হাজার ৭০০ টাকা ফির বিনিময়ে মেয়ে দেখা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে পাঁচ হাজার টাকা কাবিন খরচ দিয়ে যুক্তরাষ্ট্রের কথিত নাগরিক নাসরিনের সঙ্গে বিয়ে হয় সুরুজের। এরপর বিদেশে যাওয়ার খরচ বাবদ পর্যায়ক্রমে সুরুজের কাছ থেকে গত আড়াই মাসে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেন নাসরিন ও তাঁর সহযোগী মাহমুদ, তারেক, নাজমারা। সম্প্রতি নাসরিন সুরুজের কাছে ভিসার জন্য আরও এক লাখ টাকা দাবি করলে সুরুজের সন্দেহ হয়। সুরুজ নাসরিনকে টাকা নিতে তাঁর খালু ইনসান বেপারীর বাড়িতে (সুরুজের বাড়ির পার্শ্ববর্তী) আসতে বলেন। গত শনিবার নাসরিন সেখানে গেলে সুরুজ তাঁকে আটক করে মারধর করেন। এরপর নাসরিন স্বীকার করেন, তিনি দুই সন্তানের জননী। তাঁর আসল নাম সোনালী দেবনাথ। বাড়ি যশোরের পূর্ব বায়ারপাড় গ্রামে। গত সোমবার রাত আড়াইটায় নাসরিনকে সুরুজের বাড়ি থেকে উদ্ধার করে শিবচর থানার পুলিশ। সুরুজ বলেন, ‘ঢাকায় সবার অজান্তেই নাসরিনকে বিয়ে করি। টাকাও দিই।’নাসরিন বলেন, ‘আমি যে টাকা নিয়েছি, তার শতকরা ১০ টাকা আমি পেয়েছি। বাকিটা মিডিয়া অফিসের মাহমুদ, তারেক, নাজমারা নিয়েছে।’ শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল বলেন, ‘মেয়েটি প্রতারক চক্রের সদস্য। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।’