যুক্তরাষ্ট্রে সম্মানজনক পদ পেলেন বাংলাদেশি অধ্যাপক
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে উইলসন এইচ এলকিনস প্রফেসরশিপের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি অধ্যাপক জামাল উদ্দীন। ইউনিভার্সিটি সিস্টেম অব মেরিল্যান্ড (ইউএসএম) তাঁকে এ সম্মানে ভূষিত করে।ড. জামাল উদ্দীন মেরিল্যান্ডের কপিন ইউনিভার্সিটির প্রাকৃতিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। এই বিশ্ববিদ্যালয়ে গবেষণাকালেই তিনি গত বছর সৌরবিদ্যুৎ প্যানেলের কার্যকারিতা বাড়ানোর গবেষণায় চমকপ্রদ সাফল্যের জন্য অঙ্গরাজ্যের বর্ষসেরা উদ্ভাবকের পুরস্কার পান।ইউএসএম মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। আর উইলসন এইচ এলকিনস প্রফেসরশিপ চালু হয় আজ থেকে পঁচিশ বছরের বেশি আগে। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট উইলসন এইচ এলকিনসের নামে এই প্রফেসরশিপ চালু করা হয়। বিশ্ববিদ্যালয়টির উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে এটি করা হয়েছিল। শিক্ষকতা, গবেষণাসহ নিজ প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণে অবদানের ভিত্তিতে শিক্ষকদের এ প্রফেসরশিপের জন্য মনোনীত করা হয়। অধ্যাপক জামাল উদ্দীন গবেষণা, প্রযুক্তি হস্তান্তর ও ধারাবাহিক লেকচারের জন্য কয়েক বছর ধরে আর্থিক অনুদান পাবেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটি আমার শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় সম্মান। আমি খুব আনন্দিত।’ বিজ্ঞপ্তি।