যুক্তরাষ্ট্রে হিউম্যানিটারিয়ান প্যারোল পাওয়া দুরূহ
জীবনের ওপর হুমকি থাকায় ‘হিউম্যানিটারিয়ান প্যারোল’ নিয়ে কেউ যুক্তরাষ্ট্রে যেতে চাইলে তাঁকে অবশ্যই নিজের দাবির পক্ষে প্রমাণ নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়ায় কেউ আবেদন জানালে তিন থেকে চার মাস অপেক্ষায় থাকতে হয়। ফলে যুক্তরাষ্ট্রে হিউম্যানিটারিয়ান প্যারোলের (সংক্ষিপ্ত সময়ের জন্য ভ্রমণের অনুমতিপত্র) প্রক্রিয়াটা বেশ জটিল। গত বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
জানতে চাইলে মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গুর্লে বলেন, হিউম্যানিটারিয়ান প্যারোল হচ্ছে ভ্রমণ-সংক্রান্ত দলিল কিন্তু ভিসা নয়। মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসা দিয়ে থাকে। আর হিউম্যানিটারিয়ান প্যারোল দেয় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট।
ভ্রমণ-সংক্রান্ত ওই দলিলের জন্য কারা আবেদন করতে পারেন—জানতে চাইলে এলিজাবেথ গুর্লে বলেন, যে কেউ এ জন্য আবেদন করতে পারবেন। তবে এই অনুমতি পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। কেননা এঁদের অধিকাংশই জরুরি মানবিক কারণে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন, এটা প্রমাণ করতে ব্যর্থ হন।
ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর আন্দ্রিয়া রড্রিগুয়েজ বলেন, নিজের জীবনের ঝুঁকি আছে, এমনটা দাবি করে বাংলাদেশের কোনো নাগরিক যুক্তরাষ্ট্রে হিউম্যানিটারিয়ান প্যারোল চাইলে তাঁকে অবশ্যই ওই দাবির প্রমাণ নিশ্চিত করতে হবে।
এ মাসের শুরুতে পুরান ঢাকায় খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম উদ্দিন। পরে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের কথিত বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম ওই হত্যার দায় স্বীকার করে। ওই হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন পেন বাংলাদেশের অসাম্প্রদায়িক লেখকদের ‘হিউম্যানিটারিয়ান প্যারোল’ দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানায়। ওই সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র মার্ক টোনার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে বলেন, অব্যাহতভাবে আসন্ন ঝুঁকিতে থাকা কিছুসংখ্যক ব্লগারের জন্য বিবেচনাধীন বিকল্পগুলোর অন্যতম হচ্ছে ‘হিউম্যানিটারিয়ান প্যারোল’। তবে এ বিষয়টির সিদ্ধান্ত নিয়ে থাকে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট।