যুক্তরাষ্ট্রের অনুদানের ১০ হাজার ৪৪০ টন গম হস্তান্তর
বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকারকে ১০ হাজার ৪৪০ মেট্রিক টন গম অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। গতকাল রোববার চট্টগ্রামের সাইলো গুদামের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের হাতে ওই গমের নমুনা তুলে দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।খাদ্য অধিদপ্তরের সাইলো জেটিতে অনুদানের গমবাহী জাহাজ এমভি ভিজিত্রা নারি থেকে বর্তমানে ওই গম খালাস হচ্ছে। এই গম দিয়ে পুষ্টিমানসমৃদ্ধ বিস্কুট তৈরি করে তা বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরের খাবার কর্মসূচির জন্য বিতরণ করা হবে।গতকাল অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মজীনা বলেন, ‘এই গম বাংলাদেশের শিশুদের জন্য যুক্তরাষ্ট্রের জনগণের উপহার। গম অনুদানের চেয়ে দুই দেশের অংশীদারির বিষয়টি উদ্যাপন করছি আমরা। এই অংশীদারি আগামী প্রজন্মের নাগরিকদের গঠনের জন্য।’অনুষ্ঠানের একপর্যায়ে শিশুদের মধ্যে বিতরণের জন্য তৈরি বিস্কুট মুখে নিয়ে রাষ্ট্রদূত মজীনা বলেন, ‘খুবই ভালো। এই পুষ্টিকর খাদ্য শিশুদের শরীর গঠনে সাহায্য করবে। ফলে শিশুদের স্কুলে থাকার সম্ভাবনা বাড়বে।’ অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, ‘স্কুল ফিডিং’ কর্মসূচির কারণে স্কুলে ভর্তির হার বাড়ছে। এই কর্মসূচিতে আরও ১০০ উপজেলা অন্তর্ভুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।গম হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ব খাদ্য কর্মসূচির দেশীয় প্রতিনিধি ক্রিস্টা রাডের, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন সহকারী প্রধান সাইফুল হক চৌধুরী, খাদ্য অধিদপ্তরের পরিচালক তফাজ্জল হোসেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়ানো ও অপুষ্টি দূর করে শিক্ষা গ্রহণের ক্ষমতা বাড়াতে ২০১১ সালে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম হাতে নেয় সরকার। এই কার্যক্রমে সরকারের পাশাপাশি বিশ্ব খাদ্য কর্মসূচিসহ দাতা সংস্থাগুলো সহায়তা করে আসছে।প্রথম আলোর কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, এর আগে গতকাল সকালে রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা রাঙামাটির কাপ্তাই উপজেলার শীলছড়িতে অবস্থিত বেলাওপাড়ার সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। সেখানে বনফুল বিশ্রামাগারে আয়োজিত সুধী সমাবেশে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে দেখতে হলে কাপ্তাইয়ে আসতে হবে। বাংলাদেশের সব সৌন্দর্য কাপ্তাইয়ে মিশে আছে।এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নারীবিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ মেলান ভারভিয়্যর ও তাঁদের সফরসঙ্গী চিফ অব পার্টি রাম শর্মা।